বিটিসিএলে দুই পদে ১৭০ নিয়োগ..
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সম্প্রতি দুই পদে মোট ১৭০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, সহকারী ম্যানেজার (টেকনিক্যাল) পদে মোট ৭০ জন এবং জুনিয়র সহকারী ম্যানেজার পদে মোট ১০০ জন নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া, পদ দুটিতে আবেদন করা যাবে ২০ জুন, ২০১৭ তারিখ পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
সহকারী ম্যানেজার (টেকনিক্যাল) পদে আবেদনের জন্য আবেদনকারীকে সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইইই/ সিএসই/ টিই/ ইসিই/ ইটিই বা কম্পিউটার কৌশল বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ সহ স্নাতক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৪.৮ সহ উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পর্যায়ের শিক্ষার্থীদের আবেদনের জন্য সিজিপিএ ৩.২ থাকতে হবে।
জুনিয়র সহকারী ম্যানেজার (টেকনিক্যাল) পদে আবেদনের জন্য আবেদনকারীকে সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইইই/ সিএসই/ টিই/ ইসিই/ ইটিই বা কম্পিউটার কৌশল বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৪.২ সহ উত্তীর্ণ হতে হবে।
শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতার পাশাপাশি ১ জুন, ২০১৭ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনকারীকে তিনটি ধাপে আবেদন-প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রথম ধাপ সম্পন্ন করার জন্য আবেদনকারীকে বিটিসিএলের ওয়েবসাইট www.btcl.com.bd এই ঠিকানায় বা http://btcl.teketalk.com.bd এই ঠিকানায় প্রবেশ করে প্রদত্ত নির্দেশাবলি অনুসরণ করে আবেদন ফরমের তথ্যাদি পূরণ এবং ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। সঠিকভাবে অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে আবেদনের একটি কপি প্রিন্ট নিতে হবে এবং প্রাপ্ত ইউজার আইডি সংরক্ষণ করতে হবে।
দ্বিতীয় ধাপে আবেদনকারীকে আবেদন কপিতে দেওয়া ইউজার আইডি নম্বর ব্যবহার করে টেলিটক প্রি-পেইড মোবাইল ব্যবহার করে অনলাইনে আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। এ ক্ষেত্রে সহকারী ম্যানেজার (টেকনিক্যাল) পদের জন্য আবেদন ফি ১ হাজার টাকা এবং জুনিয়র সহকারী ম্যানেজার (টেকনিক্যাল) পদের জন্য আবেদন ফি ৮০০ টাকা যথাযথভাবে পরিশোধ করতে হবে।
সঠিকভাবে আবেদন ফি প্রদানের পর আবেদনকারীকে এরপর বিটিসিএলের ওয়েবসাইট থেকে পুনরায় আবেদন ফরম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করে সব সংযুক্তিসহ ২০ জুন, ২০১৭ তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, বিটিসিএল, ৩৭/ই ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ এই ঠিকানায় পৌঁছাতে হবে। সংযুক্তির বিস্তারিত তালিকা পাওয়া যাবে http://bit.ly/2seY8pH এই ঠিকানায়।
প্রথম ধাপে অনলাইনে আবেদন করা যাবে ১২ জুন, ২০১৭ তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদন ফরম পূরণ করে আবেদন ফি পরিশোধ করার পর তৃতীয় ধাপে আবেদনপত্রের হার্ড কপি বিটিসিএলের অফিসে পৌঁছাতে হবে ২০ জুন, ২০১৭ তারিখের মধ্যে।
নিয়োগপ্রক্রিয়া
আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে আবেদনপত্র যাচাই-বাছাই শেষে মনোনীত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী মনোনীত করা হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি
চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের বিটিসিএলের নির্দিষ্ট স্কেল অনুযায়ী বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। এ ক্ষেত্রে সহকারী ম্যানেজার (টেকনিক্যাল) পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড বা বিটিসিএলের সমতুল্য বেতন গ্রেড এবং জুনিয়র সহকারী ম্যানেজার (টেকনিক্যাল) পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেড বা বিটিসিএলের সমতুল্য বেতন গ্রেড প্রদান করা হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)
৩৭/ই ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০
ওয়েবসাইট: www.btcl.com.bd
ফোন: ০২-৯৩২০০৪৬ এবং ০২-৯৩২০১৭৪