বিডি-রেড আবাসন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয়েছে বিডি-রেড আবাসন মেলা। গতকাল বুধবার বিকেলে চার দিনব্যাপী এ মেলার উদ্বোধনের পর থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। মেলার আয়োজন করেছে বাংলাদেশ রিয়েল এস্টেট ডাইরেক্টরি (বিডি-রেড)।আয়োজক সূত্রে জানা যায়, চট্টগ্রামে নবমবারের মতো এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। ২০০২ সালে প্রথম এ মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন বর্ণিল সাজে সাজানো হয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাকছে বিশেষ ছাড় ও কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ। গতকাল মেলায় আসা দম্পতি সোহেল হাসান ও ফারজানা হাসান জানান, তাঁরা এসেছেন একটি ফ্ল্যাটের খোঁজে। দেখছেন সাধ ও সাধ্যের মধ্যে কোনো আবাসন পাওয়া যায় কি না। লালখানবাজার থেকে এসেছেন ব্যবসায়ী আতিক হোসেন। তিনি বলেন, ‘মেলায় আসার উদ্দেশ্য হচ্ছে, এক জায়গায় সব প্রতিষ্ঠানের খোঁজখবর পাওয়া যায়।’ মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী এবং র‌্যাফল ড্রয়ের আয়োজন করা হয়েছে। র‌্যাফল ড্রয়ের প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি এলসিডি টেলিভিশন। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে একটি রেফ্রিজারেটর ও ঢাকা-কক্সবাজার-ঢাকা এসি বাস টিকিট। মেলা সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। শেষ হবে ১৫ অক্টোবর।