বিডিআর-নাসাকা পতাকা বৈঠক হয়েছে টেকনাফে
কক্সবাজারসহ দেশের বিভিন্ন কারাগারে বন্দী মিয়ানমারের ৪৮ নাগরিককে ৪ মার্চ সীমান্তরক্ষী নাসাকার কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে সাজার মেয়াদ শেষ হওয়ায় এসব বন্দীকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়।বিডিআর সূত্র জানায়, ৪ মার্চ সকাল সাড়ে নয়টায় টেকনাফ সড়ক ও জনপদ বিভাগের ডাকবাংলোর জেটিতে দুটি স্পিড বোট ও একটি ট্রলারে করে নাসাকা বাহিনীর সদস্যরা টেকনাফ আসেন। সকাল ১০টায় বিশ্রামাগারের সম্মেলন কক্ষে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও মিয়ানমারের নাসাকার মধ্যে দুই ঘণ্টার এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে দেন ৪২ রাইফেলস ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন ও চট্টগ্রামের সেক্টর কমান্ডার কর্নেল মো. হাবিবুর রহমান। ২৫ সদস্যের মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকার পক্ষে নেতৃত্ব দেন ৬ নম্বর সেক্টরের পরিচালক মি. ন্যাম ইউ। পতাকা বৈঠক শেষে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নাসাকা বাহিনীর মধ্যে প্রীতি ভলিবল খেলা টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় বাংলাদেশ রাইফেলস (২-০) জয়ী হয়। টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন এ পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারে ৪৮জন বন্দীকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি চোরাচালান প্রতিরোধ, সীমান্তবাণিজ্য আরও গতিশীল, অবৈধ অনুপ্রবেশকারীসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।