বিতর্ক করতে ব্যাংককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর ওপর অনেক অত্যাচার হয় বলে নদীর দেবতাকে ফুল দিয়ে পূজা করে থাই অধিবাসীরা। বাংলাদেশে প্রকৃতির ওপর যে নীরব অত্যাচার হচ্ছে, সেখানে থাইল্যান্ডে নদীকে আরাধনা করে—বিষয়টি বাঙালি তরুণদের নজর কেড়েছে। কথা হচ্ছিল, ফার্স্ট এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মীর নাকিবুল ইসলামের সঙ্গে।২০০৯ সালের নভেম্বরে এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কমিউনিকেশন ক্লাব থেকে দুজন তরুণ মীর নাকিবুল ইসলাম ও সৈয়দ ইবরাহীম সাজিদ অংশ নেন।তাঁদের সঙ্গে বাংলাদেশ থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নয়জন, ইস্ট ওয়েস্টের তিনজন, লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিসের তিনজন থাইল্যান্ডের ব্যাংকক শহরে গিয়েছিলেন।ব্যাংককের চুলা লংকর্ন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বাংলাদেশ থেকে এ দলটি অংশ নিয়েছিল। সর্বমোট ৯২টি দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৩৬তম। এশিয়ার বিভিন্ন দেশ থেকে আগত বিতার্কিকদের উপস্থিতিতে পুরো ব্যাংকক শহর প্রাণবন্ত হয়ে উঠেছিল। চার দিনের এই টুর্নামেন্টে বিশ্ব রাজনীতি, শিশুশ্রম, জেন্ডার অসমতা, বিলুপ্ত প্রাণীদের সংরক্ষণ ইত্যাদি শিরোনামে বিতর্ক হয়। ব্যতিক্রমী এ টুর্নামেন্টের প্রথম দিন ছিল ব্রিফিং, শো ডিবেট, বিচারকদের মূল্যায়ন। পৃথিবীর সব বিখ্যাত বিতার্কিক ছিলেন জুরি প্যানেলে। তাঁদের সঙ্গে সাক্ষাত্ হওয়া ছিল বাঙালি এই বিতার্কিকদের একধরনের স্বপ্নপূরণ। দ্বিতীয় ও তৃতীয় দিনে হয়েছে রাউন্ড ডিবেট ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে থাইরা বিভিন্ন গেম শো ও দেশীয় নৃত্য পরিবেশন করেন। বাঙালিরাও তাঁদের সঙ্গে নৃত্যে অংশ নেন। তাঁদের বন্ধুত্বপূর্ণ আচরণ বাঙালিদের মুগ্ধ করেছে। চতুর্থ দিনে হয়েছে ফাইনাল রাউন্ড। এতে মালয়েশিয়ান দলটি প্রথম হয়। দেশের মাটিতে কৃতিত্বের স্বাক্ষর রেখে বিদেশের মাটিতে তাদের সাফল্য, তাদের এক রকম জয় ও স্বপ্নকে বাস্তবায়ন করা।থাইল্যান্ড ঘুরে এসে তাঁদের অনুভূতি ও অভিজ্ঞতার কথা জানতে চাইলে মীর নাকিবুল ইসলাম জানান, ‘ব্যাংককে টুরিস্ট এলাকায় সন্ধ্যার পর ফুটপাতে মার্কেট বসে, বিক্রেতারা ইংরেজি ভালো কথা বলতে পারে না বলে দামদর ক্যালকুলেটরের মাধ্যমে লিখে করেন। তিনি আরও জানান, একটি মজার বিষয় ছিল যে পাবলিক প্লেসের টয়লেটগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ‘বেস্ট পাবলিক টয়লেট অব দ্য ইয়ার’ হিসেবে পুরস্কৃত করা হয়। ব্যাংককে মেট্রো, আকাশ ট্রেন ও ট্রেন রয়েছে এবং রয়েছে রাস্তা নির্দেশনার ব্যবস্থা। ফলে কেউ কোনো জায়গা না চিনে থাকলেও তার কাছে জায়গাটি চেনা সহজ হবে।এই বিতার্কিকের কাছে প্রতিদিনই ছিল নতুন কিছু শেখার অভিজ্ঞতা। অন্য দেশগুলো বাঙালিদের বিতর্ক দেখে অবাক হয়েছে এবং প্রশংসা করেছে। তরুণ হিসেবে এটিও তাঁদের বড় প্রাপ্তি। অংশগ্রহণকারী বিতার্কিক সৈয়দ ইবরাহীম সাজিদ বললেন, ওখানে গিয়ে তাঁর উপলব্ধি হয়েছে, এখনো বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে অনেক পরিশ্রম করতে হবে। কেননা অন্য দেশগুলো আমাদের চেয়ে বেশ এগিয়ে রয়েছে। স্বপ্নে তাঁরা বাংলাদেশকে কেমন দেখতে চান জিজ্ঞেস করলে তিনি জানান, পৃথিবীর কাছে বাংলাদেশ বলতেই কেমল দুর্নীতি, বন্যা, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ ও গরিব দেশের ছবিই ভেসে ওঠে। একজন বিতার্কিক হিসেবে তাঁর চাওয়া হলো, তরুণদের মাধ্যমে ভালো কিছু করা যায় কি না তা দেখা। কারণ, বাংলাদেশ বর্তমানে সর্বক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে, তাই জ্ঞান ও পরিশ্রম দিয়ে এ দেশকেও অন্য দেশের সঙ্গে এগিয়ে যেতে হবে—এটাই তাঁর প্রত্যাশা।