বিতর্ক করতে মালয়েশিয়া
সাত রাউন্ড শেষে তিনটি করে জয় নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর তিনটি দলই। আর একটা করে জয় পেলেই সুযোগ মিলবে পরের পর্বে যাওয়ার। সবাইকে আপ্লুত করে শেষ অবধি একটি নয়, বাংলাদেশের দুটি দল উঠে গেছে পরের রাউন্ডে! আইবিএ-১-এর গাউস-সাদ-ওয়াসিফা এবং আইবিএ-২-এর সাজিদ-শাদমান-লামিয়ার দল।রূপকথার মতোই সুন্দর এই জয়যাত্রা আরও সামনে এগিয়ে শেষ অবধি সেমিফাইনাল পর্যন্ত বাংলাদেশের গৌরব তুলে ধরেন তাঁরা। হংকং ইউনিভার্সিটির বিপরীতে সাজিদ-শাদমান-লামিয়ার দলটি অল্পের জন্য হেরে গেলেও ততক্ষণে রচিত হয়ে গেছে আইবিএর বিতার্কিকদের জন্য অন্যতম সাফল্য। ২০১০ সালে ওআইসি চ্যাম্পিয়নশিপ জয় এবং ২০১১ সালে অক্সফোর্ড আইভির সেমিফাইনালিস্ট স্বীকৃতির পর এই অর্জন।মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১৬ থেকে ১৮ জুলাই অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং (চীন), ফিলিপাইন, ইন্দোনেশিয়া, বাংলাদেশসহ ১৫টি দেশের ১২৩টি দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ পড়ুয়া নয় তরুণ বিতার্কিক গাউস মোহাম্মদ, সাদ আশরাফ, ওয়াসিফা নোশিন, সাজিদ আলম, শাদমান আহমেদ সিদ্দিকী, লামিয়া অরণী, আশিকুল আলম, মাসতুরা তাসনিম ও তওসিফ আমিন খানরা তিনটি দলে বিভক্ত হয়ে অংশ নিয়েছিলেন ‘অস্ট্রেলেশিয়া ইন্টারভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’ নামের এক প্রতিযোগিতায়। এই দলে আরও ছিলেন অ্যাডজুডিকেটর হিসেবে আয়েশা সাবরিনা ও হিশাম উদ্দিন খান।ঢাকায় ফেরার পর আলাপ করি আইবিএর বিতার্কিকদের সঙ্গে। ‘প্রথম বার অংশ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে অনেক বেশি অনুপ্রাণিত আমি।’ বলছিলেন আইবিএ-২ দলের সাজিদ। ওদিকে চূড়ান্ত প্রতিযোগিতার রাতে ইএসএল সেমিফাইনালিস্ট পুরস্কার হিসেবে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী ‘ছোরা’ (যা বীরত্ব ও সম্মানের প্রতীক) গ্রহণ করা ছিল দলটির কনিষ্ঠতম সদস্য শাদমানের সবচেয়ে সেরা স্মৃতি। একই রকম স্মৃতির কথা বললেন মাসতুরা তাসনিম, ‘প্রথম দিনেই ‘মোনাশ’-এর মতো চৌকস দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারাটা ছিল আমার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত।’বাংলাদেশ কেবল দারিদ্র্য আর বন্যার দেশ নয়, যুক্তি-তর্কের মননশীলতায় নিজেদের শ্রেষ্ঠত্ব বারবার তুলে ধরবে বিশ্বের দরবারে, এই সংকল্প ওদের সবার।