বিতর্ক করতে সিঙ্গাপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ গল্প তরুণ সিদ্ধার্থ গোস্বামী ও রাহুল দেবের। দেশের হয়ে তাঁরা প্রতিনিধিত্ব করেছেন সিঙ্গাপুরের নানইয়াং বিশ্ববিদ্যালয়ে। যুক্তিতর্কের এক দুনিয়ায় প্রবেশ করে ভেবেছেন সোয়াইন ফ্লু নিয়ে। এ ভাইরাসটি আতঙ্ক ছড়ায়নি, এমন দেশ খুঁজে পাওয়া ভার। ভয়ংকর এ সমস্যাটি নিয়ে প্রচলিত আছে অসংখ্য ভুল ধারণা। অসচেতন দিশেহারা মানুষের দুর্দশা কমানোর জন্য তাই নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এরই জের ধরে গত ফেব্রুয়ারিতে আয়োজন করা হয়েছিল একটি সম্মেলনের। এখানে অংশ নেন বিশ্বের ২০টি দেশের তিন শতাধিক শিক্ষার্থী।বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে এ সম্মেলনে যোগ দেন সার্কের সব কটি দেশের প্রতিনিধি। বাংলাদেশ থেকে অংশ নেওয়া দুজন শিক্ষার্থীর একজন সিদ্ধার্থ গোস্বামী। তাঁর বিষয় ছিল প্যানডেমিক ম্যানেজমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যয়নরত এই শিক্ষার্থী সোয়াইন ফ্লুর প্রতিকার ও ভয়াবহতার ওপর আলোচনা করে সেরা বক্তা নির্বাচিত হন। তাঁর সঙ্গে ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রাহুল দেব। উন্নত ও উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের চিন্তাভাবনার মধ্যে সমন্বয়সাধনই ছিল এ সম্মেলনের উদ্দেশ্য। তরুণদের ভাবনা যেন আর আবদ্ধ না থাকে দেশের গণ্ডিতে। তাঁরা কাজ করুন পুরো পৃথিবীর মানুষের জন্য।‘চার দিনব্যাপী এ সম্মেলন ছিল শিক্ষার্থীদের জন্য এক দারুণ মিলন-উৎসব। এতে নানা দেশের শিক্ষার্থীরা সহজেই পরস্পরের সঙ্গে মেলামেশার সুযোগ পান। তুলে ধরা হয় নিজ নিজ দেশের সংস্কৃতি। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন সবাই।’ বলছিলেন সিদ্ধার্থ।দেশের সমস্যা সমাধানের জন্য আরও বড় পরিসরে একসঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন এ দুই তরুণ। তাঁরা চান, এ দেশেও নানা সমস্যার ওপর আলোকপাত করে আয়োজন করা হোক এ ধরনের সম্মেলনের। এতে উৎসাহিত হয়ে উঠবে তরুণেরা। শিখতে পারবে অজানা অনেক কিছু। পরিকল্পনামাফিক কাজ করলে অল্পতেই সমাধান করা যায় যেকোনো সমস্যার। সব বাধাই তখন তুচ্ছ হয়ে ওঠে। আর এ বিশ্বাস নিয়েই কাজ করে যেতে চান সিদ্ধার্থ, রাহুলের মতো তরুণেরা। তাই সন্দেহ নেই, এভাবে কাজ করলে অচিরেই তাঁদের স্বপ্নগুলো সত্যি হয়ে উঠবে।