বিতর্ক করতে স্কটল্যান্ডে
লড়াইটা যুক্তির। কিন্তু দুই প্রতিপক্ষের কেউ কারও যুক্তির কাছে পরাজয় মানতে নারাজ। তাই ফলাফল গড়াল টাইব্রেকারে। শেষমেশ কিনা ভাগ্যদেবীই প্রতিপক্ষ হয়ে বসল! বাংলাদেশকে হার মানতে হলো মেক্সিকোর কাছে। অনেক কঠিন আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম আটটি রাউন্ড পেরিয়ে আসা বাংলাদেশ দলের মাশতুরা তাসনিম, ওয়াশিফা নওশিন, সাদ আশরাফ, ফাহাদ আল আমিন ও তাওসিফ কিছুতেই মানতে পারছেন না এই পরাজয়। তাঁদের ভাষ্য, ‘আমরা মেক্সিকোর কাছে হারিনি, হেরেছি ভাগ্যের কাছে। কারণ, বিচারকদের কাছ থেকে দুই দলই সমান সমান ভোট পেয়েছি। তারপর টাইব্রেকার হলো; আর তাতে ভাগ্য সহায় হলো ওদের (মেক্সিকোর)। আমরা যেতে পরলাম না বহু কাঙ্ক্ষিত অক্টো ফাইনালে।’যুক্তিতর্কের এই লড়াই বসেছিল স্কটল্যান্ডের ডান্ডি শহরে। নাম ‘ওয়ার্ল্ভ্র স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ২০১১’। এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশসহ বিশ্বের ৪৮টি দেশের কয়েক শ তরুণ। আর এই লড়াইয়ের ব্যাপ্তি ছিল ১৬ থেকে ২৬ আগস্ট পর্যন্ত। ১০ দিনের এই আয়োজনের প্রতিটি দিনই অবশ্য বিতর্কের লড়াইয়ে নামতে হয়নি তাঁদের। আয়োজক কমিটি সুযোগ করে দিয়েছিল স্কটল্যান্ডের ঐতিহাসিক সব স্থান পরিদর্শনের। সে জন্য প্রতিটি দলের সঙ্গে ‘গাইড’ হিসেবে দিয়েছিল স্কটিশ শিক্ষার্থীদের। গাইডরা ঘুরে ঘুরে দেখিয়েছেন তাঁদের জাতীয় জাদুঘর, রানির প্রাসাদ, নয়নাভিরাম পাহাড়ি অঞ্চল আর দুর্গের আদলে গড়া একেকটা স্কুল। আর প্রথম দিনই তাঁদের বরণ করে নেওয়া হয় স্কটিস ঐতিহ্যের প্রধান অনুষঙ্গ ‘ব্যাক পাইপ’ বাজিয়ে।শেষ দিন ছিল নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরার পালা। এতে বাংলাদেশি প্রতিযোগীরা শাড়ি-লুঙ্গি পরে নেচেগেয়ে মঞ্চ মাতিয়ে তুলতে একটুও ভুল করেননি। সেই সব স্মৃতির কথা বলতে গিয়ে উজ্জ্বল হয়ে ওঠে মাশতুরার চোখ। তিনি বলেন, ‘অষ্টম শ্রেণী থেকে বিতর্কের সঙ্গে জড়িত আছি। বিতর্কের প্রয়োজনেই ঘুরে বেড়িয়েছি বিভিন্ন দেশ। তবে আমার স্মৃতিতে সবচেয়ে উজ্জ্বল হয়ে আছে ভারতে বিতর্ক করার সময় কংগ্রেস চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ লাভের স্মৃতি।’ আর ডান্ডি? উত্তরে মাশতুরা বলেন, ‘স্কটল্যান্ডের ডান্ডি ছবির মতো সাজানো-গোছানো এত সুন্দর একটা শহর! সত্যিই ভোলার নয়!’ডান্ডিকে ভুলতে পারছেন না আরেক প্রতিযোগী ওয়াসিফাও। ‘কত্তো বড় একটা শহর, অথচ মানুষজন নেই বললেই চলে। রাস্তাঘাট, শপিং মল—সবই কেমন ফাঁকা ফাঁকা! তবে সবচেয়ে মজা পেয়েছি ওদের ভিক্ষুকদের দেখে। ওদের সুন্দর সুন্দর পোশাক দেখে বোঝার উপায় নেই যে ওরা ভিক্ষুক। কী সুন্দর গিটার বাজিয়ে নেচেগেয়ে পয়সা চায় ওরা!’ বলছিলেন ওয়াসিফা।ডান্ডি শহরের মতোই মনে পড়ছে ইংল্যান্ড, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে আসা বন্ধুদের। তাই ফেসবুক-টুইটারে রাখছেন নিয়মিত যোগাযোগ। পরামর্শ নিচ্ছেন বিদেশি বন্ু্লর কাছ থেকে কীভাবে আরও উন্নতি করা যায় বিতর্কের জগতে। আর সে অনুযায়ী প্রস্তুত করছেন নিজেকে, যেন আগামী বছরের চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে আসতে পারেন নিজেদের ঘরে।