বিতর্ক নিয়েই উড়ালসড়ক নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহন ও পথচারী চলাচলের প্রথম উড়ালসড়কের নির্মাণকাজ নগরের বহদ্দারহাট মোড়ে শুরু হয়েছে। প্রায় এক বছর আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নির্মাণ পরিকল্পনা প্রকাশের পরপরই এই জায়গায় উড়ালসড়ক নির্মিত হলে তা যানজট নিরসনে ভূমিকা রাখবে নাকি যানজট বৃদ্ধি করবে, এ নিয়ে বিতর্ক ওঠে। যানবাহন-বিশেষজ্ঞরা এই উড়ালসড়ক নির্মাণের বিপক্ষে অবস্থান নিলেও চউক নির্মাণকাজ শুরু করে গত নভেম্বর থেকে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, উড়ালসড়কের মতো এত বড় নির্মাণকাজ শুরুর আগে গোটা এলাকার চারপাশে ঘেরাও দিয়ে যেভাবে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা দরকার, তা করা হয়নি। এর পাশ দিয়ে যানবাহন চলাচলের জন্য যে আলাদা ব্যবস্থা গড়ে তোলার দরকার ছিল, সেটাও নেই।বরং উড়ালসড়কের পিলার তৈরির জন্য গর্ত খুঁড়তে যে মাটি তোলা হয়েছে, তা বৃষ্টির সঙ্গে গড়িয়ে পড়ছে আশপাশের সড়কে। এতে করে কক্সবাজার, বান্দরবান এবং চান্দগাঁওয়ের দিক থেকে আসা যানবাহনের ভোগান্তি বেড়েছে। দিনের বেশির ভাগ সময়ে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। খোলা জায়গায় লোহার দীর্ঘ রড ফেলে রাখা হয়েছে। আবার তার পাশেই চলছে ওয়েল্ডিং ও লোহার বড় বড় খাঁচা নির্মাণের কাজ। এর পাশ ধরেই মানুষের হাঁটাচলার পাশাপাশি যানবাহন চলছে। ফলে যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।এই নির্মাণযজ্ঞকে কেন্দ্র করে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতুর দিকে যাওয়ার রাস্তায়। এই রাস্তার চান্দগাঁও থানার সামনের মূল সড়কেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এসব গর্ত সৃষ্টির জন্য চউক দোষারোপ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে। চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘চান্দগাঁও থানার সামনের সড়কটি সওজ অধিদপ্তরের। আমরা উড়ালসড়ক নির্মাণের সময় তাদের সহযোগিতা চেয়েছি, কিন্তু পাইনি। তবে যান চলাচলে ঝুঁকি কমাতে আমরা চউকের পক্ষ থেকে সড়কের সংস্কারকাজ শুরু করব।’ নির্মাণকাজের আগে নিরাপত্তাবেষ্টনী তৈরি না করার বিষয়টি স্বীকার করে চউকের চেয়ারম্যান বলেন, ‘নিরাপত্তাবেষ্টনী দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমরা তাদের এ ব্যাপারে যথেষ্ট চাপ প্রয়োগ করে যাচ্ছি। এর ফলে তারা কিছু কিছু এলাকায় বেষ্টনী দিয়েছে। তবে আমরা চাই পুরো এলাকায় বেষ্টনী থাকুক।’প্রায় ১ দশমিক ৩৩ কিলোমিটার দীর্ঘ ও ১৪ মিটার (৫৫ ফুট) প্রস্থ এ উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হয়েছে গত নভেম্বরে। আগামী বছরের ডিসেম্বর নাগাদ এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা। ২০১০ সালের ২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহদ্দারহাটসহ চট্টগ্রামে পাঁচটি উড়ালসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।চউক সূত্র জানায়, প্রায় ৯৬ কোটি টাকা ব্যয়ে এ উড়ালসড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। মীর আখতার ও পারিষা নামের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এ সড়ক নির্মাণ করছে। ইতিমধ্যে উড়ালসড়কের দুটি পিলার উঠে গেছে। সরেজমিনে দেখা গেছে, বহদ্দারহাটের নতুন চান্দগাঁও থানার সামনে শাহ আমানত সেতু সংযোগ সড়কের এক পাশে উড়ালসড়কের পিলার নির্মাণের কাজ চলছে। এখানে পাইলিংয়ের মাটি, পানি ও কাদা এসে সড়ক ভরে গেছে। দিনের পর দিন এসব কাদা ও পানি সড়কে জমে বড় বড় গর্তে পরিণত হয়েছে। সড়কের দীর্ঘ অংশে এ গর্তের কারণে ওই এলাকা পার হতে যানবাহনগুলো অনেক বেশি সময় নিয়ে নেয়। এতে চান্দগাঁও থানার সামনে যানজট লেগেই থাকে। বিশেষজ্ঞদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব-জরিপ ছাড়াই এ উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে কেবল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। গত ৭ মে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনারে বিশেষজ্ঞরা এ ধরনের মতামত দেন। তাঁরা বলেন, চট্টগ্রামের যানজট নিরসনের জন্য সহজ পদ্ধতিগুলো অনুসরণ না করে ব্যয়বহুল প্রকল্প নেওয়া হচ্ছে। তারই একটি হচ্ছে বহদ্দারহাটের উড়ালসড়ক নির্মাণ প্রকল্প। কেবল উড়ালসড়কই যানজট সমস্যার একমাত্র সমাধান নয় উল্লেখ করে ওই সময় বিশেষজ্ঞরা বলেছিলেন, এ সড়ক নির্মাণের পর ওই এলাকায় যানজট আদৌ কমবে নাকি বাড়বে, সে ব্যাপারে কারও ধারণা নেই। ওই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোশারফ হোসেন বলেছিলেন, ‘চউক বহদ্দারহাট এলাকায় যা করছে সেটি উড়ালসড়ক না ওভারপাস, তা বোঝা যাচ্ছে না। এটা নির্মাণের মাধ্যমে যে যানজটের সমাধান হবে, তাও আমরা বলতে পারছি না।’ তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেছেন, বহদ্দারহাট মোড়ের যানজট নিরসন এবং দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার-বান্দরবানের সঙ্গে যোগাযোগ দ্রুত করতে এ উড়ালসড়কের কোনো বিকল্প নেই। চউকের মহাপরিকল্পনায়ও এ উড়ালসড়কের বিষয়টি উল্লেখ রয়েছে।