বিতর্কিত নেতার জন্য হরতাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ গ্রহণকারী পুরোনো রাজনীতিকদের মধ্যে ফজলুল কাদের চৌধুরী ছিলেন অন্যতম। এ সুবাদে তাঁর পুত্র সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী তখন সক্রিয় ভূমিকা নিয়েছিল। তার বয়সী উৎসাহী তরুণেরা যখন দলে দলে মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে তখন সালাউদ্দিন কাজ করেছে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে। সবাই জানি, ওই সময় পাকিস্তানি বাহিনী কী ধরনের নৃশংসতা চালিয়েছিল এ দেশে। তারা সে কাজে এ দেশীয় দোসরদের সহায়তা নিয়েছে। তরুণ সালাউদ্দিন তখনো রাজনীতিতে আসে নি, ছাত্ররাজনীতিতে কখনো ছিল না।তাই তার বিচরণ রাজনৈতিক অঙ্গনে ছিল না, ছিল সরাসরি পাকিস্তানি বাহিনীর সঙ্গে। তাদের সঙ্গে মিলে তার তৎপরতা এত বেশি নজরে পড়ত যে লোকে বলাবলি ও বিশ্বাস করত যে তাকে পাকিস্তানি সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদ দেওয়া হয়েছে।তখনই আমরা শুনেছি নূতনচন্দ্র সিংহের হত্যাকাণ্ড এবং রাউজানে আরও হত্যাকাণ্ডের সঙ্গে তার যুক্ত থাকার কথা। তাদের গুড হিলের বাড়িতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে ধরে এনে অত্যাচারের কথাও সবাই জানত। একাত্তরের সেপ্টেম্বরে মুক্তিযোদ্ধাদের একটা অ্যাম্বুশে আহত হওয়ার পর তার বাবার সহায়তায় বিদেশে চলে যায়। পঁচাত্তরের পরে এসে পরিবর্তিত পরিস্থিতিতে সে তার বাবার পাকিস্তানবাদী রাজনীতির ধারাবাহিকতা চালু রাখে। সেই থেকে এনডিপি, জাতীয় পার্টি, বিএনপি—যে দলগুলোকে প্রকারান্তরে মুসলিম লীগ বলা যায় সেগুলোর রাজনীতি করে এসেছে। আর নিজেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে সাম্প্রদায়িক লাইন এবং সন্ত্রাসী লালন—দুটোই চালিয়েছে বলে ব্যাপক অভিযোগ আছে। ঘটনাবলিতে এসব অভিযোগ সত্য বলেই মনে হয়।এদিকে, এবারের নির্বাচনে যুদ্ধাপরাধীদের বিচার একটা বড় ইস্যু ছিল। আদতে তরুণসমাজ এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার পেছনে এ ইস্যুটা কাজ করেছে। আমাদের দেশে তরুণ ভোটারই বেশি। ফলে আদর্শের কারণে না হলেও ক্ষমতার কারণে হলেও আওয়ামী লীগকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। আর যুদ্ধাপরাধীদের বিচার হলে সাকাকে যে বিচারের সম্মুখীন হতে হবে সেটা তার নিজেরও না বোঝার কোনো কারণ নেই। দাবিটা হলো সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার। সালাউদ্দিন অনেক দিন ধরেই বিএনপি করে। অনেক দিন ধরেই বেগম জিয়ার উপদেষ্টাও বটে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হলেও ক্ষমতার রাজনীতিতে এসে প্রমাণ দিয়েছেন যে তাঁর কোনো নিজস্ব রাজনৈতিক মতাদর্শ নেই। ক্ষমতার জন্যে যে কারও সঙ্গে সমঝোতায় আসতে পারেন অথবা তাঁর রাজনৈতিক মতাদর্শ ছিল পাকিস্তানবাদী ধারার। এবারের নির্বাচনের ফলাফলে বিএনপি তার বাস্তব সম্পর্কের প্রতিফলন দেখতে পায়নি, তার কারণ জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা, সময় মতো ছেড়ে না দেওয়া। আমার ধারণা, বিএনপি জামায়াতকে ত্যাগ করে এককভাবে নির্বাচন করলে এখনকার চেয়ে বেশি আসন পেত। অন্তত ৮০টা। কেননা এবারে তরুণ ভোটারেরা মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে খুবই আবেগপ্রবণভাবে পক্ষ নিয়েছে। তাদের সে অবস্থান থেকে তারা সরে আসেনি।ফলে সা-কার গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে হরতাল ডেকে বিএনপি জাতির কাছে, বিশেষভাবে তরুণদের কাছে যেন কনফার্ম করল যে তারা পাকিস্তানপন্থী রাজনীতিই করবে, তাদের বিরুদ্ধে ক্ষমতাসীন দল যে যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টি করার অভিযোগ তুলেছে সেটার সত্যতাও প্রমাণ করবে। এর ফলে বিএনপির পক্ষে এই নবজাগ্রত তরুণসমাজের সমর্থন আদায় করা আরও কঠিন হয়ে পড়বে।রাজনীতিতে কৌশল গুরুত্বপূর্ণ। হরতালকে মানুষ রাজনৈতিক জবরদস্তি হিসেবে দেখে। হরতালকে স্বাভাবিক জীবনের বিঘ্ন ও উৎপাত হিসেবে দেখে বলে মানুষ বাধ্য না হলে বাড়ি থেকে বের হয় না। ফলে হরতালের সময় ব্যক্তিগত (প্রাইভেট) গাড়ি না চললে, দোকানপাট বন্ধ থাকলে হরতাল সফল হয়েছে বলার মধ্যে বাস্তবের সঙ্গে মস্ত ফাঁক তৈরি হয়। আদত কথা হলো সাধারণ মানুষ হরতালকে ভয় পায়, অপছন্দ করে।আর যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত, গণমাধ্যম ও জনমতের দিক থেকে যুদ্ধাপরাধী হিসেবে বিবেচিত, একজন বিতর্কিত রাজনীতিকের জন্য হরতাল ডেকে স্থানীয় বিএনপি পুরো দলের ভূমিকা ও ভবিষ্যৎ-উভয়কেই প্রশ্নবিদ্ধ করে ফেলল।