বিতর্কে বিকশিত হোক শিশুর মনোজগত্

স্কুলপড়ুয়া ১০ বছরের ছেলে অনিককে নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না বাবার। কিন্তু এবার বাড়িতে গিয়ে ছেলের দারুণ পরিবর্তন দেখে বিস্মিত, আনন্দিত বাবা মনজুর সাদিক (ছদ্মনাম)। পেশাগত কারণে পরিবার ছেড়ে তাঁকে বেশির ভাগ সময় থাকতে হয় ঢাকায়। পরিবারের বাকিরা থাকেন মফস্বলে। গম্ভীর, অন্তর্মুখী, একরোখা ছেলেটা এখন বেশ প্রাণবন্ত, যেকোনো বিষয়েই সরব ও সাবলীল। অনিকের এ পরিবর্তনের নেপথ্যে রয়েছে ওর বিতর্ক শেখা।
কয়েক মাস আগে এক সহকর্মীর পরামর্শে অনিককে স্থানীয় বিতর্ক সংগঠনের সদস্য করে দিয়েছিলেন সাদিক। পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি এখন সে বিতর্কচর্চায় মনোযোগী। চোখ-কান খোলা রেখে চারপাশের নানা বিষয় জানার আগ্রহ বেড়ে গেছে অনিকের। আর যা জানছে, তা বলতে আগের চেয়ে বেশি উদগ্রীব এখন সে। নিজের পছন্দ, নিজের মতামত প্রকাশে সে আরও দৃঢ়, অকপট। কথা বলার ভঙ্গিতেও এসেছে বিনয় আর শুদ্ধ বাচনের সচেতনতা।
বিতর্কচর্চা শিশু-কিশোরদের মধ্যে যুক্তিবাদিতা ও পরমতসহিষ্ণুতার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করে। বাড়িয়ে দেয় বিষয়ভিত্তিক মনঃসংযোগ, বিশ্লেষণী ক্ষমতা ও সংবেদনশীলতা। পড়াশোনার পাশাপাশি শিশুর মনোজগতের বিকাশে বিতর্কচর্চা সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারে।
বিতর্ক ঘরে-বাইরে
বিতর্ক প্রাত্যহিক চর্চার বিষয়। শুরুটা হতে পারে ঘর থেকেই, পরিবারের সদস্যদের মাধ্যমে। মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের ব্যবহারে বিনয়, মতপ্রকাশের স্বাধীনতা, যুক্তিনির্ভরতা, অন্যের মতের প্রতি সহনশীল মনোভাব প্রকাশিত হলে তা শিশুর মনোজগতকেও প্রভাবিত করবে। আর এ বিষয়গুলোই শিশুর মধ্যে ইতিবাচক বিতর্কের ভিত্তি গড়ে দেবে। তবে, বিষয়ভিত্তিক বিতর্কের প্রশিক্ষণ নিয়ে তার্কিক হয়ে উঠতে প্রয়োজন প্রাতিষ্ঠানিক উদ্যোগ। সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ব্যবস্থা না থাকলেও অনেক এলাকাতেই আছে ‘ডিবেটিং ক্লাব’ বা ‘বিতর্ক সংঘ’। সহ-পাঠ্য-ক্রমিক অন্যান্য বিষয়ের মতো বিতর্কের জন্যেও দরকার আলাদা অনুশীলন, আনুষঙ্গিক পড়াশোনা। স্কুলপর্যায় থেকেই চর্চাটা শুরু হলে কলেজ, বিশ্ববিদ্যালয়ের বড় পরিসরে এ সুযোগ আরও বিস্তৃত হয়। নিজেকে শাণিত করার কাজটাও আরও সহজ হয়। তাই বিতর্কচর্চার বিষয়ে শৈশব থেকেই আগ্রহ জাগিয়ে তুলতে পারলে তা পরবর্তী জীবনে ছেলেমেয়েদের সহায়ক হবে।
একের ভিতর চার
শিশুর শিক্ষার যথার্থ বিকাশের জন্যে একই সঙ্গে চারটি অভ্যাস আয়ত্ত করা অপরিহার্য। পড়ার অভ্যাস, লেখার অভ্যাস, বলার অভ্যাস এবং মনোযোগ দিয়ে শোনার অভ্যাস। বিতর্কে এই চারটি দক্ষতার চর্চা দারুণভাবে প্রতিফলিত। একজন তার্কিককে বিতর্কের প্রস্তুতির জন্যে যেমন জানতে হয় দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতি, ঠিক তেমনি নজর রাখতে হয় চলমান ঘটনাপ্রবাহ কিংবা রাজনৈতিক টানাপোড়েনের বিষয়েও। কোনো নির্ধারিত বা অনির্ধারিত বিষয়ে সঠিক তথ্য, যুক্তি উপস্থাপনের জন্য প্রয়োজন হয় বহুমাত্রিক পড়াশোনা। আবার বিতর্কের মঞ্চে উপস্থাপনের জন্য বিষয়ভিত্তিক বক্তব্য সাজিয়েগুছিয়ে তৈরি করতে হয় বিতর্কের স্ক্রিপ্ট। রপ্ত হয় ভালোভাবে লেখার কৌশল। আর সবশেষে তা সুন্দর করে শুদ্ধ বাচনে তুলে ধরতে হয় প্রতিপক্ষ ও বিচারকদের সামনে। যুক্তি খণ্ডন বা পাল্টা যুক্তি প্রদানের জন্য মনোযোগ দিয়ে শুনতে হয় প্রতিপক্ষের বক্তব্য। বিতর্কচর্চার মধ্য দিয়ে এভাবেই নিজেকে সমৃদ্ধ ও মেধায় শাণিত করতে পারে একজন শিক্ষার্থী।
বিতর্কের উত্সব

বাংলাদেশ টেলিভিশনের বিতর্ক প্রতিযোগিতা একসময় খুবই জনপ্রিয় ছিল। এ ছাড়া নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজন হতো বিতর্ক প্রতিযোগিতার। এসব আয়োজনে অংশ নেওয়ার সুযোগও সবাই পেত না। এখন পরিস্থিতি পালটেছে। টেলিভিশন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এখন আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে আয়োজন হচ্ছে নানান বিতর্ক উত্সব। বিতর্ক সংগঠন, সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমগুলোর উদ্যোগে এসব উত্সবে অংশ নিচ্ছে দেশের নানা প্রান্তের ছাত্রছাত্রীরা। প্রখর মেধায় শানিত তার্কিকরা মুখরিত করে রাখছে এসব উত্সব। নিজের মতের সম্মিলন হচ্ছে অন্যদের মতের সঙ্গে। এসব উত্সবে যোগ দিয়ে সংশ্লিষ্ট তার্কিক শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, ব্যবস্থাপনা কৌশল ও যোগাযোগ দক্ষতা বাড়ছে।
সদা জাগ্রত চিত্ত
ভালো তার্কিক হতে হলে সব সময় সজাগ ও সক্রিয় থাকতে হয়। যুক্তিতর্কে অন্যকে ঘায়েল করার জন্য হতে হয় কৌশলী, সতর্ক। বিজয়ের স্বাদ আস্বাদন করতে হলে প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করতে হয় নানা উপায়ে। পত্রিকা, সাময়িকী, বিজ্ঞান এবং সাহিত্য-সংস্কৃতি ও খেলাধুলার খবরাখবরও রাখতে হবে সব সময়। আশপাশের নানা ঘটনায় তীক্ষ নজর রাখতে হয়। তাই বিতর্কচর্চার ফলে শিশুকাল থেকেই বিশ্লেষণের ক্ষমতা ও বুদ্ধিমত্তা বাড়ে, কৌতূহল জাগ্রত হয়। এসব গুণ বা দক্ষতা জীবনের বিভিন্ন পর্যায়ে কাজে আসে।
পেশা বাছাইয়ে বিতর্ক
বড় হয়ে সন্তান কোন পেশায় যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে, তা নিয়ে মা-বাবার দুশ্চিন্তার শেষ নেই যেন। অনেক ছেলে-মেয়েও এ নিয়ে নানা রকম দ্বিধায় থাকে। পেশাগত সাফল্য অর্জনের জন্য প্রয়োজন হয় যথার্থ পেশা নির্বাচন এবং তার যথার্থ পূর্বপ্রস্তুতি। বিতর্কচর্চায় বিকশিত ছেলে-মেয়েরা ছাত্রজীবনে অর্জিত গুণাবলি কাজে লাগিয়ে এ ক্ষেত্রে যৌক্তিক ভূমিকা রাখতে সক্ষম হয়। যেকোনো পেশায় নিজের অবস্থান সুদৃঢ় ও সুসংহত করতে কাজে আসে বহুমাত্রিক পড়াশোনা, বিশ্লেষণের ক্ষমতা, যোগাযোগের দক্ষতা, সাবলীল প্রকাশভঙ্গি ও তাত্ক্ষণিক বুদ্ধিমত্তা। বিতর্কচর্চার মাধ্যমে এ গুণাবলি অর্জন করা সহজ হয়। তাই শিশু বয়স থেকেই বিতর্কচর্চায় উত্সাহিত করতে পারেন আপনার সন্তানকে। এগিয়ে দিতে পারেন মনোজগতের বিকাশের পথে, সুন্দর সফল জীবনের পথে।
মনোবিজ্ঞানীর দৃষ্টিতে বিতর্ক
শৈশবে বিতর্ক শেখা এবং বিতর্কচর্চায় যুক্ত হওয়া শিশুর জন্য কতটা উপকারী তা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন খাজা ইউনূস আলী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হোসেন। তিনি বলেন, মনোবিজ্ঞানের একটা শাখা আছে যাকে আমরা ‘কগনিটিভ সাইকোলজি’ বলি। মনোযোগ, ভাষার ব্যবহার, স্মৃতি ও স্মরণশক্তি, সৃষ্টিশীলতা ও চিন্তাপদ্ধতি প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় এতে। এটা দিয়ে ব্যক্তির যুক্তিবোধ ও চিন্তাপদ্ধতি বোঝা যায়। আর মনোবিকাশের ক্ষেত্রে ‘কগনিটিভ লার্নিং’ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মনোবিজ্ঞানী ফারুক বলেন, ‘সাধারণত ১১ বছর বয়স থেকেই এই কগনিটিভ লার্নিংয়ের প্রক্রিয়া শুরু হয়, যেখানে শিশু তার পরিবার এবং চারপাশের পরিবেশ ও জীবনের নানান ঘটনা থেকে শিক্ষা নেয়। এর ফলে এই সময় থেকে যদি শিশু-কিশোরেরা এমন কোনো পরিবেশে, এমন কোনো চর্চায় থাকে, যেখানে মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা, গুছিয়ে কথা বলা এবং যুক্তির চর্চা হয়, তা অবশ্যই উপকারী।’ বিতর্কচর্চা হয়তো আপনার শিশুকে সেই সুযোগ করে দিতে পারে।