বিতর্কে সেরা বান্দরবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি ধারণা করেছিলাম আমরা প্রথম রাউন্ডেই ঝরে যাব, কিন্তু শেষ পর্যন্ত সেরা হয়েছি।’ পেপসোডেন্ট-প্রথম আলো বিতর্ক প্রতিযোগিতার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের চ্যাম্পিয়ন দলের নেতা ও সেরা বিতার্কিক মঈন উদ্দিন আহমদ উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলে।

কেবল মঈন উদ্দিন নয়, বান্দরবানের চেয়ে ১৫০ বছরের পুরোনো জেলা রাঙামাটির দলগুলোকে হারিয়ে বান্দরবানের দুটো দল ফাইনালে উঠবে এবং সেরার মুকুট পরবে এটা কারও ভাবনায় ছিল না। তার ওপর ভোরে উঠে প্রায় ৮০ কিলোমিটার পথ অতিক্রম করে শ্রান্ত-ক্লান্ত অবস্থায় অংশগ্রহণ এবং বিতর্কের স্থান ও বিষয় পরিবর্তন হওয়ার পরও এমন ফলাফল অপ্রত্যাশিতই ছিল খুদে বিতার্কিকদের কাছে।

৬ অক্টোবর রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পেপসোডেন্ট-প্রথম আলো বিতর্ক উৎসবের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পর্বটি অনুষ্ঠিত হয়। তিন পার্বত্য জেলার অংশ নেওয়ার কথা থাকলেও খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে কোনো দল এতে অংশ নেয়নি। প্রতিযোগিতায় রাঙামাটির নয়টি বিদ্যালয় থেকে নয়টি ও বান্দরবানের পাঁচটি বিদ্যালয় থেকে পাঁচটি দল অংশ নেয়। বিতর্কের প্রথম রাউন্ডেই বান্দরবানের দলগুলো যোগ্যতার পরিচয় দিতে শুরু করে। বান্দরবানের পাঁচটি দলের মধ্যে চারটিই ওঠে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে ওঠা বান্দরবানের দলগুলো হচ্ছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বান্দরবান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও ডনবক্সো উচ্চবিদ্যালয়।

সেমিফাইনালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে রাঙামাটির শাহ উচ্চবিদ্যালয় এবং বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সঙ্গে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুলের তর্ক যুদ্ধ চলে। বান্দরবানের দুটি দল রাঙামাটির দুটি দলকে হারিয়ে ফাইনালে চলে যায়। শেষ লড়াই হয় বান্দরবানের সঙ্গে বান্দরবানের। শেষে তিন পার্বত্য জেলায় সেরার মুকুট পরে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।