বিতর্কের আসরে ক্রিকেটের উত্তেজনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতাটা বিতর্কের। কিন্তু উত্তেজনা অনেকটা ক্রিকেটের মতোই। আইপিএল বা বিপিএল ক্রিকেট লিগের মতো বিতার্কিকদের নিলামেও তোলা হয়েছে। বিতর্ক প্রতিযোগিতার নামও রাখা হয়েছে ডিবেট সুপার লিগ। সাতটি দল তৈরি হয়েছে এই প্রতিযোগিতা ঘিরে। সেসব দলের মালিকানাও হস্তান্তর করা হয়েছে ইতিমধ্যে। এমন অভিনব উত্তেজনাকর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। আয়োজক চুয়েট ডিবেটিং সোসাইটি (চুয়েটডিএস)। ডিবেট সুপার লিগ (ডিএসএল) নামের এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে ২১ জানুয়ারি থেকে। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চুয়েটের পশ্চিম গ্যালারি ও চুয়েট ডিবেটিং সোসাইটির কার্যালয় প্রাঙ্গণে।চুয়েট ডিবেটিং সোসাইটি সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য থাকবে ট্রফি ও পুরস্কার। এ ছাড়া প্রতিযোগিতার বিভিন্ন পর্বের সেরা বিতার্কিকেরাও পুরস্কৃত হবেন।১৪ জানুয়ারি হয়ে গেল বিতার্কিকদের জমজমাট নিলাম। বিকেল তিনটায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে চুয়েটের পশ্চিম গ্যালারিতে এ নিলাম অনুষ্ঠিত হয়। ডিবেট সুপার লিগে সাতজন শিক্ষক ও সাতজন টিম ম্যানেজারের অধীনে সাতটি বিতর্কের টিম গঠন করা হয়েছে। টিমগুলো হলো—স্বাধীনতা-৭১, একুশ, মৃত্তিকা, কৃষ্ণচূড়া, নীড়, তারুণ্য ও স্বরবর্ণ। তড়িৎকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আহাসান উল্লাহ স্বাধীনতা-৭১ দলের, যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সজল চন্দ্র বণিক একুশ দলের, নগর ও পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক নীড় দলের, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার মৃত্তিকা দলের, স্থাপত্য বিভাগের প্রভাষক সজীব পাল তারুণ্য দলের, তড়িৎ কৌশল বিভাগের প্রভাষক আহাসানুল হাবীব স্বরবর্ণ দলের এবং তড়িৎ কৌশল বিভাগের প্রভাষক রকি বৈদ্য কৃষ্ণচূড়া দলের মালিকানা পেয়েছেন । বিগত সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে নিলামে ওঠানো হয়েছিল ৪০ জন বিতার্কিককে। নিলামে টাকার জায়গায় পয়েন্ট নির্ধারণ করা হয়। বিতার্কিকদের সর্বনিম্ন রেটিং ছিল সাত হাজার পয়েন্ট। নিয়ম ছিল—কোনো বিতার্কিককে একটি দল ডাকলে তার রেটিং ৫০০ পয়েন্ট বেড়ে যাবে। নিলামে ১১ হাজার পয়েন্ট পেয়ে সর্বোচ্চ রেটিং অর্জন করে পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শেখ এহসান উদ্দীন। স্বাধীনতা-৭১ দলের হয়ে বিতর্ক করবেন তিনি। নিলাম পর্বের পর তিনি বলেন, ‘দলের বিজয়ের জন্য প্রাণপণ চেষ্টা থাকবে। আশা করি, প্রতিযোগিতায় আমরাই চ্যাম্পিয়ন হব।’ চুয়েট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও একুশ দলের মালিক সজল চন্দ্র বণিক বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।’ স্বাধীনতা ৭১ দলের মালিক আহসান উল্লাহ বলেন, ‘শেষ পর্যন্ত ভালো দল গঠন করতে পেরে আমি খুশি। আশা করছি, আমার দল চ্যাম্পিয়ন হবে।’