বিতর্কের উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপকথার জাদুকর নেমে এল হঠাৎ জাদুর ঝুলি হাতে। পঙ্খিরাজে চড়ে ঘুরে বেড়াচ্ছিলেন বেশ। পথে যেতে যেতে ঝুলি থেকে চমৎকার সব উপহার বের করে বিলিয়ে যাচ্ছিলেন সবার মধ্যে। এ জাদুকর আর কেউ নন, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্লাবন। ঘোড়ার গাড়িতে চড়ে হাতের ঝুলি থেকে বের করে যাচ্ছেন ঝুনঝুনি, বাঁশিসহ একের পর এক রং-বেরঙের খেলনা। তাই পেতে খুদে বিতার্কিকেরা ভিড় জমিয়েছে তাঁর আশপাশে। মেধা, সিঞ্জন, হাসিবা তো এর মধ্যে বাঁশি আর ঝুনঝুনি পেয়ে বাজাতে বাজাতে মহাআনন্দে দৌড়। একেবারে সামনের দিকে সুমন, রাকীব, আসাদ, শিউলিরা ব্যানার নিয়ে চলছে এগিয়ে। সজীব, সাব্বির, প্লাবন, সাথী মিলে জুড়ে দিয়েছে নাচ। সানাই আর বাদ্যবাজনাও চলছে সমানতালে। এ যে ‘বিতর্ক উৎসব’ তাই জানান দিতে সবাই নেমেছে আনন্দ মিছিলে। উৎসবই বটে, সে কী ঢাকঢোল, বাদ্যবাজনা সে কী সাজ!১৫ মে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত তিন দিনব্যাপী ‘চতুর্থ জাতীয় বিতর্ক উৎসব ২০১০’-এর শুরুটা ছিল এমনই জমকালো।‘যুক্তির সুতোয় বুনি জীবনের দগ্ধ মসলিন’ স্লোগানে একাত্মতা ঘোষণা করতে এ উৎসবে যোগ দিয়েছিল সারা দেশের ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার বিতর্কপ্রেমী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিতার্কিকদের সঙ্গে ছিলেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক হারুন-অর-রশিদ, অধ্যাপক মিজানুর রহমান, জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত, সাংবাদিক আবু সাঈদ খান, ডিইউডিএসের মডারেটর অধ্যাপক মাহবুবা নাসরীন, সভাপতি আল আমীন চৌধুরী, সম্পাদক রকিবুল ইসলাম।এদিকে শোভাযাত্রায় হই-হুল্লোড় করে সবার পেট ক্ষিদেয় চোঁ চোঁ করছিল। আর দেরি না করে সবাই মিলে টিএসসির সবুজ ঘাসে বসে সারা হলো দুপুরের খাবার। উত্তরবঙ্গ থেকে আসা ৭৫ জনের দলটা তখন মিলনায়তনে ঢুকে বসে গেছে বিতর্ক দেখতে। জানা গেল, দিনাজপুরের বিরল উপজেলা থেকেই এসেছে ওরা সবাই। শুধু উত্তরবঙ্গ নয় ঝিনাইদহ, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, টাঙ্গাইল, বরিশাল, লক্ষ্মীপুরসহ দেশের আনাচ-কানাচ থেকে সব বিতর্কপ্রেমী চলে এসেছে উৎসবে যোগ দিতে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলসহ ঢাকার অন্যান্য বন্ধুরা তো আছেই জানাল ডিইউডিএসের রাকীব।মতিঝিল আইডিয়ালের খুদে বিতার্কিক অহির ধারণা, ভালো যুক্তি দিয়ে সত্যকে জয় করা যায়। সে তাই আর দেরি করেনি, খাওয়াটা ঝটপট সেরে বসে গেছে মিলনায়তনের সবচেয়ে সামনের সারিতে। ততক্ষণে শুরু হয়ে গেছে আঞ্চলিক বিতর্ক। ‘আমার অঞ্চলই সেরা’ এটা প্রমাণ করতে বাগ্যুদ্ধে এর মধ্যে নেমে পড়েছে ঢাকা, নোয়াখালী, রাজশাহী, বরিশাল ও সিলেটের আসাদ, জিনিয়া, হিমেল, ইমরানেরা। এরপর রাইয়ান রাতুল, বিও, তোরাগ, ইয়াসিন আর নাদিয়াদের সনাতনী বিতর্ক চলল। শিল্পের সৌন্দর্য আর শিল্পের বাণিজ্যিকীকরণ নিয়ে চলল বিতর্ক। ইংরেজি বিতর্কের পর জুটি বিতর্ক। যেখানে শাহজাহান-মমতাজ ও কেতকি-অমিতরা অপেক্ষায় ছিলেন জুটি বিতর্ক নিয়ে।ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত। সবাই রাতের খাবার খেয়ে ছুটল যার যার পথে। কোনো রকমে রাত পার করেই সকালে আবার টিএসসিতে হাজির সবাই। ভিকারুননিসা নূন কলেজের মেধা, সিঞ্জন, রিমি, সারিকা, মৃদুলাদের আসতে একটু দেরি হয়ে গেল। ততক্ষণে শুরু হয়ে গেছে বারোয়ারি বিতর্ক। রম্য বিতর্কটা ছিল আরও বেশি মজার ‘বিশ্বায়নের যুগে প্রেমের নিয়ন্ত্রণ আজ পুঁজির হাতে।’ এ নিয়ে বাগ্যুদ্ধ চলল বাবুল, মাসুদ, আনিস, শিউলি, উত্তম, তৌফিকের মধ্যে। এরপর আন্তর্জাতিক বিতর্কের নিয়মকানুন নিয়ে ক্লাস শেষে সবাই দুপুরের খাবার খেতে গেল। ডিইউডিএসের সভাপতি আল আমীন চৌধুরীর সঙ্গে কথা হলো এ ফাঁকে। তিনি জানান, ইচ্ছাশক্তিটাই আসল। আর তার পেছনের প্রগতিশীলতা ও মুক্তবুদ্ধির চর্চাটা সবার সঙ্গে ছড়িয়ে দিতে তাঁদের এ আয়োজন। এরপর চলল শিক্ষক ও শিক্ষার্থী বিতর্ক ওয়ার্ল্ড বিতর্ক। বিষয় হলো সরকার ও বিরোধী দলের বিতর্ক।এবার একটু আনন্দ করার সময়। নাচ-গানে ভরপুর সাংস্কৃতিক অনুষ্ঠান। চট্টগ্রামের বিতার্কিক মিথুন করল কৌতুক। আসাদ মাতাল ম্যারিয়ান গান দিয়ে। হঠাৎ আকাশ কাঁপিয়ে নামল ঝমঝমিয়ে বৃষ্টি। তখন সুমন গাচ্ছিল ‘বাদলা হাওয়ার...’ গানটি। মোহসিনার আবৃত্তি, নাইমা, সোহাগ, মৃদুলার গান চলল একে একে। বরিশালের বিএম কলেজের বিতার্কিকেরা পরিবেশন করল ইভ টিজিং নিয়ে ছোট নাটিকা। দিনাজপুরের বিরল আদর্শ বিদ্যালয়ের বিতার্কিক নিপা, সিনথিয়া, শাকিলা, শিলা, সুমির মাথায় ততক্ষণে লাল-সবুজ ফিতে বাঁধা হয়ে গেছে। সবার সামনে পতাকা নিয়ে তৈরি ছিল রোকেয়া হলের বিতার্কিক ছুম্মা।দেখতে দেখতে কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তিনটি দিন। এবার বিতার্কিক বন্ধুদের বিদায় দেওয়ার পালা।