বিতর্কের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯ জুন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিতর্কের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা
১৯ জুন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিতর্কের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা

১৯ জুন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিতর্কের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাজের সব স্তরে শুদ্ধ বিতর্কচর্চা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করল উইলস ডিবেটিং ক্লাব। শুরুতে উইলস ডিবেটিং ক্লাবের লোগো উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন। লোগোটি ডিজাইন করেছেন ক্লাবের সদস্য হাসনাত আবীর অঙ্গন।
শিক্ষক সৈয়দা ফাহিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রভাতি শাখার প্রধান মশিউর রহমান ও দিবা শাখার প্রধান আসিফ রহমান। অনুষ্ঠানে ক্লাবের নবগঠিত আট সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন একাদশ শ্রেণির শিক্ষার্থী কাজী তাওহীদ। এর আগে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আবুল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুদ্ধ বিতর্কচর্চা শুধু আদর্শ বিতার্কিকই তৈরি করে না, সুনাগরিক হিসেবেও গড়ে তোলে।’ এরপর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কর্মশালায় অংশগ্রহণ করেন উইলস ডিবেটিং ক্লাবের নবাগত সদস্যরা। কর্মশালাটি পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভার নির্বাহী সভাপতি হাসান মাহমুদ। কর্মশালায় বিতর্কের ধরন, প্রস্তুতি, উপস্থাপনা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সবাইকে নিয়ে একটি প্রীতি বিতর্কের আয়োজন করা হয়।