বিতর্কের জমজমাট আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিপিএলের চ্যাম্পিয়ন দলের সঙ্গে অতিথিরা
ডিপিএলের চ্যাম্পিয়ন দলের সঙ্গে অতিথিরা

মঞ্চে চলছে তুমুল বিতর্ক। মুখোমুখি সরকারি ও বিরোধী দল। ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের ব্যবসায়িক মনোবৃত্তি বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে প্রধান অন্তরায়’ বিষয়ে যুক্তি-তর্কে মেতেছে সবাই। নিজেদের শাণিত যুক্তি উপস্থাপন করে অবশেষে তর্কের লড়াইয়ে বিজয়ী হয় সংসদের বিরোধী দল। এ চিত্র ২০ জুলাই অনুষ্ঠিত হওয়া দৃষ্টি ডিবেট প্রিমিয়ার িলগের (ডিপিএল) চূড়ান্ত আসরের।
‘যুক্তিবাদী তারুণ্য গড়ে তুলবে দেশ’ এ স্লোগানে শেষ হলো ডিপিএলের পঞ্চম আসর। ১১ জুলাই থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সেরা ২৪ জন বিতার্কিক। নিলামের মাধ্যমে এই বিতার্কিকদের সমন্বয়ে তৈরি করা হয় আটটি দল। দলগুলোর নামকরণ করা হয়েছে চট্টগ্রামের আটটি স্থানের নামে। ডিপিএলের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় বিরোধী দলে থাকা লালখান বাজার খানস্ ও রানার্সআপ হয় সরকারি দলে থাকা প্রবর্তক ইলুমিনাত্তি।
বারোয়ারি বিতর্কের মাধ্যমে শুরু হয় ডিপিএলের সমাপনী অনুষ্ঠান। বিতর্কের বিষয় ছিল ‘আসলেই কেউ সুখী নয়’।
যুক্তির মাধ্যমে এ জগতের কেউই সুখী নয় দেখিয়ে সেরা বিতার্কিকের পুরস্কার অর্জন করেন দুর্জয় বৈদ্য। দ্বিতীয় শেখ ফয়জুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন কাজী আরফাত। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের রিয়াসাত মোর্শেদ খান।
চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। অতিথি ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, ছড়াকার জিন্নাহ চৌধুরী ও কনফিডেন্স সল্টের উপব্যবস্থাপক এস এম নওশাদ ইমতিয়াজ।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাহী কমিটির সদস্য মিলি চৌধুরী, সহসভাপতি সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া প্রমুখ।