বাইরে মেঘলা আকাশ, অঝোরে বৃষ্টি পড়ছে, কোথাও কোলাহল নেই। এরই মাঝে ১৯ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তন প্রজ্বলিত হলো যুক্তির শিখায়। বিআরআইসিএস রাষ্ট্রসমূহ একমেরু বিশ্বব্যবস্থার পতন ঘটাবে, ক্ষুদ্র রাষ্ট্রসমূহের পারমাণবিক শক্তি অর্জন বিশ্বে শক্তির সাম্য নিয়ে আসবে, নারী আন্দোলন ইত্যাদি নানা ধরনের বিষয় নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগের ৬০টি দল অংশ নেয় আন্তবিভাগ বিতর্কে। চূড়ান্ত পর্যায়ে ইসলামের ইতিহাস বিভাগের ‘মরুঝড়’ চ্যাম্পিয়ন এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘ইশান দল’ রানার্সআপ হয়।‘তারুণ্যের দীপ্তিতে সৃজনের পথচলা’—এই স্লোগানকে ধারণ করে চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) ১৬ থেকে ১৯ জুলাই আয়োজন করে দ্বাদশ বাংলা ও ষষ্ঠ ইংরেজি আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। বিভিন্ন রাউন্ড অতিক্রম করে সমাপনী বাংলা বিতর্কে সরকারি দল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মরুঝড় দলের দলনেতা ইকবাল হোসাইন, মামুন আল কাইয়ুম, আঞ্জুমান আরা এবং বিরোধী দল যোগাযোগ ও সাংবাদিকতার ইশান দলের দলনেতা আল আমিন, আশরাফুল আনোয়ার ও মারুফা আক্তার বিতর্কের ছায়াসংসদে উপস্থিত হন।টান টান উত্তেজনা চলছে, সংসদে কোনো ওয়াকআউট নেই, যুক্তি, পাল্টা যুক্তি এবং যুক্তিখণ্ডন শেষে সরকারি দলের শক্ত অবস্থানে সংসদে প্রস্তাবটি পাস হয়। অর্থাৎ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ‘মরুঝড়’ দল চ্যাম্পিয়ন হয়। ‘একজন যৌক্তিক মানুষই পারে পৃথিবীর ইতিবাচক পরিবর্তন সম্পন্ন করতে, সেই জায়গা থেকে বিতর্ক আমাকে যুক্তিবাদী হতে শিখিয়েছে, অনুপ্রাণিত করেছে নিরবচ্ছিন্ন সত্যানুসন্ধানে এবং এই সত্যানুসন্ধানী ও গোঁড়ামিবিবর্জিত মনোভাব নিয়েই সামনে এগোতে চাই’। এভাবেই নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন বিজয়ী দলের সদস্য মামুন আল কাইয়ুম। ইংরেজি পর্যায়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ বিভাগে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ রানার্সআপ হয়। সরকারি দল ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ছিলেন নূর হোসেন, মোহাম্মদ তানজিমুল হাসান ও তউসিফ আহম্মদ এবং বিরোধী দলে ছিলেন রুবেল হোসেন, তাজনুবা জান্নাত ও রাহিক।সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম এবং দুবার এভারেস্ট বিজয়ী একমাত্র বাংলাদেশি এম এ মুহিত। একটি সামাজিক আন্দোলন হিসেবে বিতর্ক যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে—এমনটাই আশাবাদ ব্যক্ত করেন সিইউডিএস সভাপতি লুৎফুর রহমান।