বিতর্কের তিন বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সরকারি কলেজের বিতর্ক দলের তিন কান্ডারি (ডান থেকে) রাফা, নাজিয়া ও ধৃতি । প্রথম আলো
কক্সবাজার সরকারি কলেজের বিতর্ক দলের তিন কান্ডারি (ডান থেকে) রাফা, নাজিয়া ও ধৃতি । প্রথম আলো

স্কুলজীবন থেকেই বিতর্কে ঘরবসতি রাফার। ঝুলিতে জমেছে অনেক পুরস্কারও। সেরা বিতার্কিক হয়েছেন বেশ কয়েকবার। পুরো নাম নিশাত নাওয়াল ইসলাম রাফা। তবে রাফা এখন একা নন, তাঁর দলে আছেন আরও দুজন—ধৃতি চাকমা ও নাজিয়া সিদ্দিকা। এই তিনজন আবার একে অপরের হরিহরাত্মা। বাসায় থাকার সময় ছাড়া একসঙ্গেই কাটে এই তিনজনের।
সম্প্রতি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে এই তিন বন্ধুর দল জিতেছে সেরার শিরোপা।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে তিনজনই এখন পড়ছেন কক্সবাজার সরকারি কলেজে। মূলত, কলেজে ভর্তি হওয়ার পর বাড়তে তাঁদের স্বপ্নের ডালপালা। যুক্ত হলেন কক্সবাজার সরকারি কলেজ বিতর্ক ক্লাবে। এরপর শুধুই এগিয়ে যাওয়া।
রাফা যে শুধু যুক্তিতর্কের খেলায় মেতে ওঠেন তা কিন্তু নয়, আবৃত্তি ও উপস্থাপনা বেশ পটু। আর ধৃতির হাতেখড়ি বিদ্যালয়ে পড়ার সময় থেকেই। উপস্থিত বক্তৃতা ও বিতর্কের আসর মানে তাঁর উপস্থিতি অনিবার্য। এদিকে প্রতিপক্ষকে যুক্তিবাণে ধরাশায়ী করতে মহা ওস্তাদ নাজিয়া। ফলে, তিনজনে মিলে হলো দক্ষ দল। এই তিনজনই আবার প্রথম আলো বন্ধুসভার সঙ্গে জড়িত। রাফা বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক, ধৃতি চাকমা সাহিত্য সম্পাদক এবং নাজিয়া সিদ্দিকা সদস্য।
এবার আসি বিভাগীয় পর্যায়ের সেই বিতর্কের কথায়। গত ৯ ফেব্রুয়ারি কক্সবাজার সরকারি কলেজে দুর্নীতিবিরোধী আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ছয়টি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাফার দল। কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী তিন বন্ধুকে ডেকে উৎসাহ দিলেন। বললেন, ‘প্রস্তুতি নাও। প্রতিযোগিতা এখনো শেষ হয়নি। লড়তে হবে বিভাগীয় পর্যায়ে।’
কক্সবাজার সরকারি কলেজ বিতর্ক ক্লাবের মডারেটর ও কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন চক্রবর্তী তিনজনকে তৈরি করলেন।
১০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা অংশ নিল রাফার দল। দলটি প্রথমে লড়ে চট্টগ্রাম কলেজ বিতর্ক দলের সঙ্গে। শুরুতেই সাফল্য। জিতল রাফার দল। এরপর ২৪ ফেব্রুয়ারি রাঙামাটি সরকারি কলেজ ও ২ মার্চ ফেনী সরকারি কলেজকে পরাজিত করে রাফার দল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। সব কটি পর্যায়ে সেরা বিতার্কিক নির্বাচিত হন রাফা।
রাফা বলেন, ‘বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আমাদের সাহসটা আরও বেড়ে গেল।’ ধৃতি বলেন, ‘এই স্বীকৃতি আমাদের সামনে এগোতে উৎসাহিত করবে।’
মিঠুন চক্রবর্তী বলেন, এই ক্লাবের দেড় শতাধিক ছাত্রছাত্রীকে রাফা, ধৃতি ও নাফিয়ার মতো করে তৈরি করা গেলে এই কলেজের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়বে।
বিতর্ক ক্লাবের সমন্বয়কারী ইব্রাহিম খলিল বলেন, ‘জেলার কোনো স্কুল-কলেজে বিতর্কচর্চা নেই বললেই চলে। কিন্তু ব্যতিক্রম কক্সবাজার সরকারি কলেজ। আমরা এখন প্রতিটি স্কুল-কলেজে বিতর্কচর্চা ছড়িয়ে দিতে কাজ করছি।’