১০-২০ ফেব্রুয়ারি ১০ দিনব্যাপী তিব্বত-প্রথম আলো-ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কলেজের আরএনএ দলের নাহিয়ান বিন খালেদ, মুহিত হাসান জনি ও রিয়াদ বিজয়ী হয়েছে। এ প্রতিযোগিতায় চারটি লেভেলে বাংলাদেশের ১২০টি দল অংশ নেয়। এই তিন বিতার্কিকের বন্ধু্ত্ব খুব ছোটবেলা থেকেই। একই স্কুল মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ও একই কলেজের একই সেকশনে পড়ুয়া এই তিনজনই এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। এই তিনজনের মধ্যে জনি জানাল, ‘সবাই আমার বন্ধু, আমরা জ্ঞান ও বিতর্কের সঙ্গেই থাকি’—ছোটবেলা থেকে তা শিখেছি স্কুলের ফাতেমা ম্যাডামের কারণেই আজ আমার এই অর্জন। তাঁর অনুপ্রেরণায় আমার এত দূর আসা। তবে এ স্বপ্ন পূরণের শুরুটা ছিল ব্যর্থতার মধ্য দিয়েই। স্কুল পর্যায়ে আটটি প্রতিযোগিতায় সেমিফাইনালে গিয়ে হেরেছিলাম। কলেজে উঠে চন্চল মাহমুদ ও আরও অনেক বড় ভাইদের দেখে জয়ের স্বপ্ন দেখি। ১৯৮২ সালের পর আমরা তিনজনই প্রথম ঢাকা কলেজ থেকে আবারও চ্যাম্পিয়ন হই। এ বছরের শুরুতেই রাজউক কলেজ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, নটর ডেম কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ভিকারুননিসা কলেজে পাঁচটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হই। বিতর্ক নিয়ে কী স্বপ্ন জনি দেখছে—এমন প্রশ্নের উত্তরে জনি জানাল, বিতর্ক করি মজার জন্য, জানার জন্য। সবাই যখন একসঙ্গে বসে কথা বলি, তখন পৃথিবীর কোথায় কী হচ্ছে তা নিয়ে কথা বলি, সবাই কোনো একটি বিষয় নিয়ে শেয়ার করি। আর বিতর্ক করার আগে ওই বিষয় নিয়ে পড়াশোনা করি। মূলত বিতর্কে জ্ঞানের শেয়ারিংটা থাকা জরুরি। তবে অনেক সময় বিতর্ক করার সময় ঝামেলা হয়, দলাদলি হয়। আমি এর থেকে দূরে সরে থাকতে চাই। যারা এর থেকে সরে ছিল, তারাই ভালো করেছে। অন্যদিকে, বিতর্ক করলে বই পড়ার আগ্রহ অনেক বেড়ে যায়। নাহিয়ান বিন খালেদ বলছিল তার কিছু অর্জনের কথা। নাহিয়ান স্কুলে ১৩টিতে চ্যাম্পিয়ন, ছয়টিতে রানারআপ, বারওয়ারি বিতর্ক ও বিটিভিতে জাতীয় চ্যাম্পিয়নসহ মোট ২০টি পুরস্কার রয়েছে তার ভান্ডারে । বড় ভাইদের সুন্দর করে কথা বলার ধরন দেখে বিতর্কের স্বপ্ন দেখার শুরু নাহিয়ানের। বিতর্কের ফলে জীবনবোধ সম্পর্কে কঠিন বিষয়গুলো সহজ হয়ে গেছে, জীবন নিয়ে সব স্বপ্ন খুলে গেল। আত্মবিশ্বাস অর্জন, রাজনীতি, সমাজ নিয়ে চিন্তা করার সাহস পাই। এখন আর কথা বলতে জড়তা লাগে না, ক্রেস্ট পাওয়াটাই বড় কথা নয়, এই জ্ঞান ভবিষ্যতে কাজে লাগবে বলেই নাহিয়ানের ধারণা। একটি এনজিও ব্র্যাকের দারিদ্য্র বিমোচন কর্মসূচিতে যুক্ত আছি, তাই দেশের দারিদ্র্য দূরীকরণে ও রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রাখতে চাই । বিতার্কিকেরা দেশকে নিয়ে সুন্দর কিছু করবে, জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে বিতর্ক সাহায্য করবে বলে তার বিশ্বাস । রিয়াদ বলল, আমারও জনি, নাহিয়ানের মতো স্কুলেই বিতর্কের সূচনা। একটু একটু করে শিখব আর ভালো বিতর্ক করার ইচ্ছে ছিল। বড় ভাইদের দেখে এই ইচ্ছা আরও প্রবল হলো। স্কুলকে ভালো কিছু দেওয়ার জন্যই বিতর্ক নিয়ে আরও ভাবনা শুরু। আমাদের আজকের যে অর্জন, এর থেকে বলতে চাই, যে ক্লাবের হয়ে বিতর্ক করতাম, জ্ঞানমূলক জায়গা থেকে আমাদের জুনিয়রদের সে জায়গা থেকে উৎসাহী করা।