ঢাকা মেডিকেল কলেজ মিলনায়তনের বাইরে থেকেই শোনা যাচ্ছিল মুহুর্মুহু করতালির আওয়াজ। বোঝাই যাচ্ছে, শীতের তীব্রতা দর্শকদের হাততালিতে প্রভাব ফেলতে পারেনি সামান্যতমও। উৎসুক চোখ নিয়ে মিলনায়তনে প্রবেশ করতেই চক্ষু ছানাবড়া! মিলনায়তন ভর্তি দর্শক আর মঞ্চে চলছে জাতীয় মেডিকেল বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব। বিতর্কের বিষয় ‘বর্তমান বাস্তবতায় পরিবারপ্রতি একসন্তান নীতি বাস্তবায়ন বাধ্যতামূলক করা উচিত।’ পক্ষে ঢাকা মেডিকেল কলেজ আর বিপক্ষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ।চূড়ান্ত ফলাফল জানার আগে চলুন জেনে নিই এই বিতর্ক উৎসবের গোড়ার কথা। গৎবাঁধা পড়ালেখা আর ব্যবহারিক ক্লাসের নিয়মিত রুটিন থেকে খানিক বিরতি দিতেই সারা দেশের মেডিকেল কলেজের বিতার্কিকদের নিয়ে গত ২২ ও ২৩ ডিসেম্বর ২০১১ ঢাকা মেডিকেল কলেজে বসেছিল যুক্তির এ মিলনমেলা। ‘সেবার ব্রতই আমার শুদ্ধতা, মিশে থাকুক যুক্তিতে’ স্লোগানে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ও ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের (ডিএমসিডিসি) যৌথ আয়োজনে এ উৎসবে অংশ নেন ৪৮টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের দুই শতাধিক বিতার্কিক।সেই প্রতিযোগিতারই চূড়ান্ত পর্বে তখন চলছে যুক্তি আর পাল্টা যুক্তির তীব্র লড়াই। অবশেষে খুব অল্প নম্বরের ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজকে হারিয়ে প্রথম মেডিকেল বিতর্ক উৎসবের শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ। শেরেবাংলা মেডিকেল কলেজের তিন বিতার্কিক তরিকুল ইসলাম, মোর্শেদা জাহান ও সাবরিনা মৌসুম। বিজয়ী দলের বিতার্কিক মোর্শেদা বলেন, ‘মনে একটু দ্বিধা ছিল, বরিশাল থেকে এসে ঢাকার প্রতিযোগীদের সঙ্গে পারব কি না। কিন্তু শেষ পর্যন্ত আমরা বিজয়ী হয়ে প্রমাণ করেছি, মেধার কোনো স্থান-কাল নেই।’এদিকে রানার্সআপ হওয়াটাকে মোটেও ছোট করে দেখছেন না ঢাকা মেডিকেল কলেজের তিন বিতার্কিক নাফিউর রহমান, সায়েদুল ইসলাম ও ফজলে রাব্বী। দলনেতা ফজলে রাব্বী বলেন, ‘আমাদের এই বিতর্কে অংশগ্রহণের পাশাপাশি আয়োজনের চাপও ছিল। তবে শেষ পর্যন্ত আমরা রানার্সআপ হয়েছি এবং সেই সঙ্গে একটি সুন্দর বিতর্ক উৎসবের আয়োজন করতে পেরেছি। সব মিলিয়ে আমরা দারুণ খুশি।’সারা বাংলাদেশের মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রথম এ বিতর্ক উৎসব সম্পর্কে এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব বলেন, ‘শুধু ঢাকাকেন্দ্রিক নয়, বিতর্ককে জেলা শহরগুলোতে ছড়িয়ে দিতে কাজ করছে এনডিএফ বিডি। আশা করি, এ ধরনের আয়োজনের মাধ্যমে সারা দেশে বিতর্ক আন্দোলন জনপ্রিয় হবে।’আন্তমেডিকেল কলেজ বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও দুই দিনব্যাপী এ উৎসবে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল উদ্বোধনী শোভাযাত্রা, বিতর্ক কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শনী, প্রদর্শনী বিতর্ক, মিট দ্য সেলিব্রেটি ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান।