বিতর্কের বীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ জানুয়ারির সকালটা কি খুব কুয়াশাময় ছিল? মনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিয়াসাদ আজিম, মুছাব্বেরুল ইসলাম ও শাহাদাত হোসাইনের। তবে মনের মধ্যে যে খানিক কুয়াশা ভর করেছিল, সে কথা অবশ্য ঢের মনে আছে সার্জেন্ট জহুরুল হক হলের এই তিন বিতার্কিক বন্ধুর। কারণটা আর কিছুই নয়, গত বছরের জাতীয় চ্যাম্পিয়ন ট্রফিটা এ বছরও ধরে রাখতে হবে যে! হ্যাঁ, ১৯তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শিরোপা বগলদাবা করেছিলেন তাঁরা, এবার ২০তম প্রতিযোগিতার শিরোপাটাও যে তাঁদের চাই! তাই তো মনের মধ্যে এত ভয়ের কুয়াশা। পারবেন তো নিজের বিশ্ববিদ্যালয়েরই আরেক হল কবি জসীমউদ্দীন হলের আশিক সরদার, আবদুল্লাহ আল মামুন ও আসাদুজ্জামান আজীমের সঙ্গে! এঁরাই যে তাঁদের প্রতিপক্ষ দলে।সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আসা ৭২টি দলকে পেছনে ফেলে এ দুটি দল আজ মুখোমুখি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে এবং সেই অগ্নিপরীক্ষার চূড়ান্ত পর্বে।দিন শেষে অবশ্য রিয়াসাদদের মনের কুয়াশা কেটে গিয়ে এক টুকরো রোদ উঠেছিল। মাত্র ২ নম্বরের ব্যবধানে তাঁরা হারিয়ে দিতে সক্ষম হয়েছিলেন প্রতিপক্ষ বন্ধুদের। ফলে টানা দ্বিতীয়বারের মতো জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার সম্মান পেলে সার্জেন্ট জহুরুল হক হল।বলার অপেক্ষা রাখে না, এই তিন বন্ধুর দিন কাটছে এখন প্রশংসা শুনে শুনে। রিয়াসাদের শুরু সেই স্কুলজীবনেই। পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ে পড়ার সময় থেকেই বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিতর্কে অংশগ্রহণ তাঁর। কলেজ-জীবনেও অনেকবার সেরা বিতার্কিক হয়েছেন। আর বিশ্ববিদ্যালয়ে এসে ইতিমধ্যেই আন্তক্লাব, আন্তহল ও আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন আয়োজনে সব মিলিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ১৫ বার। পড়ছেন সমাজকর্ম বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে। স্বপ্ন দেখেন ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হওয়ার।মুছাব্বেরের জন্ম খুলনার বটিয়াঘাটা থানায়। দাখিল ও আলিম পড়েছেন ছারছিনা মাদ্রাসায়। তখন বিতর্কের সঙ্গে পরিচয় ছিল না তাঁর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রেমে পড়েন বিতর্কের। তারপর শুধুই এগিয়ে চলা। বাংলাভিশন আয়োজিত বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শিরোপাসহ প্রায় ২০টি চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছেন ইতিমধ্যেই। আইন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের এই শিক্ষার্থীর স্বপ্ন একজন দক্ষ আইনজীবী হওয়া।আর শাহাদাত? ‘স্কুল-কলেজে বিতর্ক করার ইতিহাস নেই আমার। ছোটবেলায় গ্রামে সাংস্কৃতিক সংঘের হয়ে দেয়ালিকা প্রকাশ করতাম, বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশ নিতাম। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সার্জেন্ট জহুরুল হক হলের এক বিতর্ক আমাকে মুগ্ধ করে। তার পরই যোগ দিই বিতর্কে।’ বলছিলেন শাহাদাত। শাহাদাতও ইতিমধ্যে সাফল্যের ঝুলিতে ভরেছেন ১৫টির অধিক চ্যাম্পিয়ন ট্রফি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়েছেন যথাক্রমে রাজবাড়ী জিলা স্কুল ও রাজবাড়ী সরকারি কলেজে। এখন স্নাতকোত্তর পড়ছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে। শাহাদাতের ইচ্ছা, ভবিষ্যতে শিক্ষকতাকেই পেশা হিসেবে গ্রহণ করার।উল্লেখ্য, প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি বিটিভেতে সম্প্রচারিত হবে ২৬ ফেব্রুয়ারি বিকেল ৫:০৫ মিনিটে।