বিতর্কের বীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আলোর মতো জ্বলে ওঠো উষার মতো ফোটো, তিমির চিরে জ্যোতির মতো প্রকাশ হয়ে ওঠো...’, এই স্লোগান ধারণ করে প্রথমবারের মতো এ এফ রাহমান হল আয়োজন করে ‘১ম আহমেদ ফজলুর রহমান আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা-২০১২’।৯ থেকে ১২ মের এই আয়োজনে অংশ নেয় ৩২টি দল। যার মধ্যে ছিল ঢাকা মেডিকেল কলেজ, গ্রিন ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, জাহাঙ্গীরনগর আইবিএ ডিবেটিং ক্লাব, এশিয়ান ইউনিভার্সিটি, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটিসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান।প্রাথমিক সব রাউন্ড পেরিয়ে ফাইনালে ওঠে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়। ১২ মে বিকেল সাড়ে পাঁচটায় সরকারি দল ও বিরোধী দল—উভয়ই সংসদে উপস্থিত। সরকারি দল ড্যাফোডিল ইউনিভার্সিটির বিতার্কিকেরা হলেন এস এম সালাহউদ্দিন মোরসালিন, সাকীফ হোসেন ও রাশেদুল ইসলাম এবং বিরোধী দল বঙ্গবন্ধু হলের বিতার্কিকেরা হলেন ওমর ফারুক ফাহিম, মোহাম্মাদ বিন ইয়াহইয়া ও কে এম মাহমুদুল হক। সংসদে প্রস্তাব উত্থাপন করলেন প্রধানমন্ত্রী, ‘এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না’। জমে ওঠে সংসদ। দুপাশ থেকেই পাল্টাপাল্টি যুক্তি। শেষ পর্যন্ত কোনো ওয়াক আউট নেই। অবশেষে বিরোধী দলের শক্ত যুক্তি উপস্থাপনায় প্রস্তাবটি আর সংসদে গৃহীত হলো না। তাই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিরোধী দল বঙ্গবন্ধু হল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিরোধী দলের নেতা ওমর ফারুক ফাহিম। এর আগেও বঙ্গবন্ধু হলের এই দল তিনটি প্রতিযোগিতায় অংশ নিয়ে দুটিতে চ্যাম্পিয়ন হয়। ওমর ফারুক ফাহিম বলেন, ‘এই ধারাবাহিক এই সাফল্যে আমরা সবাই অনেক আনন্দিত। আমরা আশাবাদী, পরবর্তী সময়ে আরও ভালো বিতর্ক উপহার দিতে পারব।’ ড্যাফোডিল ইউনিভার্সিটি দলের দলনেতা এস এম সালাহউদ্দিন মোরসালিন বলেন, ‘নতুন বিতার্কিক হিসেবে রানার্সআপ হওয়াটাই আমাদের অনেক পাওয়া। তাই আমরাও অনেক আনন্দিত।’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এফ রাহমান হল ডিবেটিং ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘জনতা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। আশা করি, এরপর আমরা এর ধারাবাহিকতা ধরে রাখব।’