বিতর্কের ভুবনে
‘সুযোগ ও সমতা নিশ্চিত করবে নারীর অগ্রগতি’ মূলমন্ত্র ধারণ করে অনুষ্ঠিত হয়ে গেল আন্তছাত্রী হল বিতর্ক প্রতিযোগিতা। ‘বাঙালি নারীরা প্রীতিলতা নয়, হৈমন্তীর প্রতিনিধি’ এ নিয়ে লড়াই চলল রোকেয়া আর শামসুন্নাহার হলের বিতার্কিকদের মধ্যে। ‘নারীই নারী উন্নয়নের প্রধান অন্তরায়’ এ নিয়ে বিতর্ক জমল ফজিলাতুননেসা মুজিব হল ও শামসুন্নাহার হলের বিতার্কিকদের মধ্যে। ছিল নারী উন্নয়ন নীতিমালার সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে তর্ক-বিতর্ক। একে একে সাতটি ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে ওঠে ফজিলাতুননেসা তার্কিক পরিষদ ও শামসুন্নাহার হল। চূড়ান্ত পর্বে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শামসুন্নাহার হলের শামীমা আক্তার, সাইয়েদা ফয়জুন্নেছা, তানিয়া পারভীন ও আইরিন সুলতানা।২-৩ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজক ছিল ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)।আগামীর নারী নেতৃত্বকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ডিইউডিএসের মডারেটর মাহবুবা নাসরীন প্রমুখ।