বিতর্কের মঞ্চে নিলামের উত্তেজনা!
টান টান উত্তেজনায় চলছে বিতার্কিকদের নিলাম। সবার চোখ মঞ্চের পর্দায়। সেখানে একে একে ভেসে উঠছে বিতার্কিকদের নাম ও অর্জনের তালিকা। পর্দায় একজন বিতার্কিকের নাম দেখানোর পর শুরু হয়ে যায় নিলামের ডাক। তবে এ নিলামে টাকার কোনো হিসাব নেই। পয়েন্টের ভিত্তিতে নির্বাচন করা হয় বিতার্কিক। তুখোড় বিতার্কিককে দলে নিতে ব্যবস্থাপকদের সেকি চেষ্টা! বলছিলাম দৃষ্টি প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিতার্কিক নির্বাচনের কথা। ২০ জুলাই নগরের থিয়েটার ইনস্টিটিউটের লেকচার হলে বসে নিলামের এ আসর। ‘এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয়’ এই স্লোগানে ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের সহায়তায় অনুষ্ঠিতব্য এবারের প্রতিযোগিতায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সেরা ২৪ জন বিতার্কিক আটটি দলের জন্য নিলামে (নির্বাচনে) অংশ নেন। দলগুলোর নামকরণ করা হয়েছে চট্টগ্রামের আটটি স্থানের নামে— পাইরেটস অব চকবাজার, আগ্রাবাদ এরিস্ট্রোকেট, মুরাদপুর সুপার পাওয়ার, জামালখান ক্রিস্টালস, প্রবর্তক ইলুমিনাত্তি, চান্দগাঁও টাইগারস, লালখানবাজার খানস ও দেওয়ান বাজার স্পাইডারস। সাবেক সেরা বিতার্কিক ও বিতর্ক সংগঠকদের মধ্য থেকে আটজন ব্যবস্থাপকের তত্ত্বাবধানে পরিচালিত হবে দলগুলো। ব্যবস্থাপকেরা হলেন—ইরফান নেওয়াজ খান, সঞ্জয় বিশ্বাস, বনকুসুম বড়ুয়া, জুয়েল চৌধুরী, শহিদুল ইসলাম, মুজিবুর রহমান, তন্ময় চৌধুরী ও বদরুদ্দোজা জুয়েল ।বিতার্কিক নির্বাচন অনুষ্ঠান উদ্বোধন করেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক কবি ওমর কায়সার। অতিথি ছিলেন সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান। বক্তব্য দেন দৃষ্টির সভাপতি কশ্সাফুল হক, দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল, দৃষ্টির সাধারণ সম্পাদক আদনান মান্নান ও প্রতিযোগিতার সমন্বয়কারী বোরহান শাওন। কবি ওমর কায়সার বলেন, বিতর্কের ক্ষেত্রে বিতার্কিকদের প্রতিটি শব্দ ও লাইন বলার আগে নিজেকে সংযমী হতে হবে। এতে করে যুক্তি-তর্কের একটি পরিচ্ছন্ন বিতর্ক পাওয়া যাবে। তিনি বলেন, দৃষ্টি সব সময় নতুনত্বকে বরণ করে নেয়। এ ধরনের নতুনত্ব বিতর্ক অঙ্গনকে সমৃদ্ধ করবে। ডিপিএলের নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে : দৃষ্টি চট্টগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং, চট্টগ্রাম মেডিকেল কলেজ, সাদার্ন বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, ইস্পাহানি পাবলিক কলেজ ও চট্টগ্রাম কমার্স কলেজ। নিলাম প্রসঙ্গে দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক আদনান মান্নান বলেন, এটি হচ্ছে চট্টগ্রামের বিতার্কিকদের মিলনমেলা। সারা বছর যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, তার ভিত্তিতে সেরা ২৪ জন বিতার্কিক নিয়ে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হবে ২৭ জুলাই থেকে।