বিতর্কের মহারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ দেশ, ৭৬ দল, ১২৫টি বিতর্ক। আয়োজনের বিশালত্ব জানান দিচ্ছে এসব সংখ্যাই। জাপান, চীন, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, কাতার ও স্বাগতিক বাংলাদেশের ৭৬টি দল অংশ নেয় এই প্রতিযোগিতায়।বিদেশি ৪০টি দল ছাড়াও বাংলাদেশ থেকে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, আইবিএ (ঢাকা বিশ্ববিদ্যালয়), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আইইউটি (গাজীপুর), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে অংশ নেয় আরও ৩৬টি দল।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ৭-১০ ডিসেম্বর অনুষ্ঠিত এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০১১ এ চার দিনে বিতর্ক হয়েছে ১২৫টি! প্র্রতিযোগিতার ১৯টি ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফাইনাল পর্বে পৌঁছায় চারটি দল। সেরা চারটির মধ্যে সিঙ্গাপুরের দুটি আর ভারত ও মালয়েশিয়া থেকে ছিল একটি করে দল। এরা হলো মালয়েশিয়া মারা ইউনিভার্সিটি অব টেকনোলজির ইউটিমারা-১, ভারতের রাষ্ট্র বিদ্যালয়া কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের আরভিসিই-১ এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির এনইউএস-১ ও নানিয়াং টেকনোলজি ইউনিভার্সিটির এনটিইউ-২। প্রবল প্রতিদ্ব্ব্বন্দ্বিতার মধ্য দিয়ে জয় ছিনিয়ে নেয় ভারতের আরভিসিই-১।চ্যাম্পিয়ন ভারতীয় দলের কার্তিক ও প্রসুনের আনন্দ যেন আর বাঁধ মানে না। বিজয়ী হয়ে তাঁরা বাংলাদেশকেই বেশি করে ধন্যবাদ দিতে থাকলেন! কেন জানেন? কারণ, এই ইভেন্টটিতে ভারত এর আগে শেষ যেবার চ্যাম্পিয়ন হয়েছিল, তা-ও এই বাংলাদেশেই! ২০০৮ সালে সেই ইভেন্টটির আয়োজকও ছিল বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।কার্তিক আর প্রসুন বলতে থাকলেন, ‘ভারতের জন্য বাংলাদেশ আসলে সত্যিই লাকি। আমরা খুবই খুশি, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পেরেছি।’সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির দল এনইউএস-১ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টুর্নামেন্টের প্রতিটি পর্বে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। কিন্তু এই দলের ইমরান রহিম পুরো টুর্নামেন্টের সেরা বক্তা নির্বাচিত হন ৪৯৩ পয়েন্ট পেয়ে। একই দলের অপর সদস্য রবিন তেউ ৪৯০ পয়েন্ট পেয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বক্তা নির্বাচিত হয়েছেন। তাঁরা বললেন, ‘আমরা প্রথম রানার্সআপ হয়েও সেরা বক্তার পুরস্কারটি পেয়েছি। তাহলে নিশ্চয় বুঝতে পারছেন, লড়াইটি কেমন হাড্ডাহাড্ডি হয়েছে। আমরা খুব অল্পের জন্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারিনি। তবে পরের বছর নিশ্চয় চ্যাম্পিয়ন হব, সেই আশা রাখি।’আয়োজকদের পক্ষ থেকে তানজীলা তাজরীন ও নাসির উদ্দিন জানালেন, ‘এশিয়া মহাদেশের অন্যতম সম্মানজনক বিতর্ক প্রতিযোগিতা বলা হয়ে থাকে এই ইভেন্টটিকে। এই প্রতিযোগিতায় যাঁরা ভালো করে, তাঁরা আন্তর্জাতিক মানের বিতর্ক প্রতিযোগিতায় ভালো করবে বলে মনে করা হয়।’হোটেল রূপসী বাংলায় এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. শাজাহান বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আসা দেশি-বিদেশি সব দলকে ধন্যবাদ জানাই। বাংলাদেশেও যে বিতর্কের এ ধরনের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার আয়োজন সম্ভব, তা প্রমাণিত হয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে। এনএসইউ বিতর্ক দলের সদস্যরা যে দক্ষতার সঙ্গে এই আয়োজন সম্পন্ন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এ বছর আমাদের দেশের দলগুলো খুব ভালো না করতে পারলেও সামনের বছর নিশ্চয় তারা ভালো করবে, এই শুভকামনা রইল তাদের প্রতি।’