এপেক্স ক্লাবের বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা
বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হয়

বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হয়, সৃষ্টি হয় নেতৃত্ব। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে ওঠে।’
সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বারআউলিয়ার উদ্যোগে নগরের চট্টেশ্বরী সড়কের সাউথ এশিয়ান কলেজে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা এ কথা বলেন। বিতর্কের বিষয় ছিল ‘শিক্ষাব্যবস্থায় সৃজনশীল পদ্ধতি নতুন দিগন্ত’। এ বিষয়ে দুটি দলে ভাগ হয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। বিজয়ী হয় বিপক্ষ দল। প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন এপেক্স ক্লাব অব বারআউলিয়ার পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর আবু মোশাররফ। বিচারক ছিলেন সালসাবিল করিম চৌধুরী, বীরেশ্বর নন্দী, মো. সোলায়মান আখন্দ ও মো. আল মামুন। পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া উভয় দলকে পুরস্কৃত করা হয়।
বিতর্ক প্রতিযোগিতার পর ক্লাবের নিয়মিত সভা ক্লাব সভাপতি এস এম হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন সাউথ এশিয়ান কলেজের নির্বাহী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন ও পরিচালক মো. আশরাফুল ইসলাম। বিজ্ঞপ্তি