বিতর্কের মুখে ই-সিগারেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি জনপরিসর ও কর্মক্ষেত্রে ই-সিগারেট নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। ছবি: বিবিসি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি জনপরিসর ও কর্মক্ষেত্রে ই-সিগারেট নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। ছবি: বিবিসি

ধূমপানে নিরুত্সাহিত করা এবং ধূমপানের ক্ষতি কমিয়ে আনার জন্য ই-সিগারেটের ব্যবহার নিয়ে একমত নন গবেষকেরা। কেউ বলছেন, ই-সিগারেটের সমালোচনা উদ্বেগজনক এবং এর ব্যবহার অনেক মৃত্যু কমিয়ে আনতে পারে। কেউ বলছেন ই-সিগারেট অধূমপায়ীদের ধূমপানে আগ্রহী করে তুলতে পারে। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি জনপরিসর ও কর্মক্ষেত্রে ই-সিগারেট নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক দল সম্প্রতি দাবি করেছে, ১০ লাখ মানুষ সাধারণ সিগারেট ছেড়ে দিয়ে ই-সিগারেটে অভ্যস্ত হলে বছরে ৬ হাজার মৃত্যু কমিয়ে আনা সম্ভব হতে পারে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহে এক প্রতিবেদনে জনপরিসর ও কর্মক্ষেত্রে ই-সিগারেট নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। কেননা, সংস্থাটির গবেষকেরা বলেছেন, ই-সিগারেটের ব্যবহার বাড়লে তা বাতাসে টক্সিন ও নিকোটিনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। প্রতিবেদনটিতে একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে, ই-সিগারেট অনেক ক্ষেত্রে অধূমপায়ীদেরও ধূমপানে আগ্রহী করে তুলতে পারে। প্রথমে ই-সিগারেট ধরে পরে সাধারণ সিগারেটে অভ্যস্ত হয়ে উঠতে পারেন কেউ কেউ।

কিন্তু ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা বলছেন, অধূমপায়ীদের মধ্যে ই-সিগারেটের ব্যবহার মোট জনসংখ্যার ১ শতাংশেরও কম। ইংল্যান্ডে ধূমপানের ওপর পরিচালিত মাসিক জরিপের ভিত্তিতে এই দাবি করেছেন তাঁরা।

গবেষক দলটির অন্যতম নেতা অধ্যাপক রবার্ট ওয়েস্ট বলেন, ‘ই-সিগারেট সহজলভ্য হওয়ার পরও সাধারণ সিগারেট খাওয়াটা পাগলামি ছাড়া কিছুই না।’ তিনি আরও বলেন, ‘এটার বাষ্পের মধ্যে সিগারেটের ধোঁয়ার মতো কারসিনোজেন এবং টক্সিনের বিপুল উপস্থিতি নেই। বস্তুতপক্ষে ই-সিগারেটের বাষ্পে এর পরিমাণ সাধারণ সিগারেটের ২০ ভাগের ১ ভাগ।’

ই-সিগারেটের পক্ষে রবার্ট ওয়েস্টের কথার প্রতিধ্বনি শোনা গেছে কিংস কলেজ লন্ডনের গবেষক এবং কুইন মেরি ইউনিভার্সিটির টোবাকো ডিপেনডেন্স ইউনিটের গবেষকদের কণ্ঠে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনটির সমালোচনা করে ওই প্রতিবেদনের একটা বিশ্লেষণ করেছেন এই গবেষকেরা। তাঁরা দাবি করেছেন, জাতিসংঘ সংস্থাটির তথ্য-উপাত্ত বিভ্রান্তিমূলক। অবশ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।