বিতর্কের সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরে বসেছে সংসদ অধিবেশন। সরকারি ও বিরোধী দল নিজ আসনে বসে। মাননীয় স্পিকার মহোদয়ের অনুমতির পরই শুরু হলো অধিবেশন। ‘প্রধানমন্ত্রী’ অনিক মল্লিক আনুষ্ঠানিকভাবে আলোচনায় ঢুকেই বোঝাতে লাগলেন, ‘ভোগবাদী মনোভাবই তরুণ সমাজের অবক্ষয়ের মূল কারণ।’ তিনি বর্তমান তরুণ সমাজ ও তাঁদের অবক্ষয়ের পেছনের ভোগবাদী মনোভাবকেই মুখ্য হিসেবে উল্লেখ করেন। আলোচনার মধ্যে হাত উঁচিয়ে বিরোধী দলের নেতা ফাল্গুনী মজুমদার ‘পয়েন্ট অব অর্ডার’ বলে স্পিকারের শরণাপন্ন হলে স্পিকার তাঁর পয়েন্ট গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে পুরো কক্ষে টেবিল চাপড়ে বিরোধী নেতাকে সমর্থন। দুই পক্ষের তুমুল আলোচনায় সরগরম কক্ষ। দুই দলের নেতারাই আলোচনা করছেন যুক্তি ও জ্ঞানের তীব্রতা দিয়ে।তবে শেরেবাংলা নগরে হলেও এটি ছিল আসলে ছায়া সংসদ। তাই এখানে প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেতারাও ছিলেন শিক্ষার্থী।১৩ থেকে ১৬ জানুয়ারি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তাদের ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল প্রাণ জুস তৃতীয় শেরেবাংলা কাপ ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০১১।সারা দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ থেকে আসা মোট ৪২টি দল নিয়ে আয়োজন করা হয় সংসদীয় ধারার এই বিতর্ক। ‘আওয়ার ডিবেট আওয়ার সিভিলাইজেশন’ স্লোগানে শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতায় ৪০টি দলকে পেছনে ফেলে ফাইনালে উঠে আসে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।সরকারি দল হিসেবে ফাইনালে কুয়েট বিশ্ববিদ্যালয়ের অনিক মল্লিক, নাভিদ আনজুম, শেখ সাদ বিতর্ক করেন। আর বিরোধী দলের ভূমিকায় স্বাগতিক দলের ফাল্গুনী মজুমদার, এ কে এম জোবায়ের আহমেদ ও তনুশ্রী হালদার তাঁদের চমৎকার গঠনমূলক বক্তৃতার মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।ফল ঘোষণার পর বিজয়ী দলের সদস্য তনুশ্রী হালদার বলেন, ‘আসলে বিশ্বাসই হচ্ছে না যে আমরা চ্যাম্পিয়ন হব।’ দলের নেতা ফাল্গুনী মজুমদার দৃঢ়চিত্তে বলেন, ‘আসলে আমাদের দেশের প্রকৃত বিরোধী দলের নেতাদের উচিত হাল ছেড়ে না দিয়ে সংসদে দাঁড়িয়ে যুক্তিসংগতভাবে গঠনমূলক কথা বলা। তাহলেই দেশের উন্নয়ন এগিয়ে যাবে।’ আর প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হওয়া জোবায়ের আহমেদ বলেন, ‘এবারই প্রথম আমরা কোনো চ্যাম্পিয়ন ট্রফি পেলাম, আর আমার সেরা বক্তা হওয়া অনেকটা স্বপ্নের মতোই। সত্য ও সুন্দরের জয় সব সময়ই নিশ্চিত।’তৃতীয় শেরেবাংলা কাপ ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০১১-এর সদস্যসচিব হারুন উর রশিদ বলেন, ‘যুক্তিশীল সমাজ বিনির্মাণে বিতর্কের কোনো বিকল্প নেই। কারণ, একজন যুক্তিবাদী মানুষই পূর্ণাঙ্গ মানুষ হতে পারে।’সরকারি দল হিসেবে কুয়েটের শিক্ষার্থী নাভিদ আনজুম বলেন, ‘বিতর্কের মাধ্যমে মুদ্রার দুই পিঠই জানা যায়। যদিও আজকের আয়োজনটা ছিল ছায়া সংসদ। তবুও এই ছায়া আমাদের প্রকৃত সংসদে পড়া উচিত।’শিক্ষার্থীদের এই আয়োজনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মুহাম্মদ আবদুুর রাজ্জাক। চার দিনের এ আয়োজনে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।