বিতার্কিকদের বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু বিতর্কের মঞ্চেই নয়, সারাক্ষণই ‘দল’ হয়ে থাকেন সিইউডিএসের সদস্যরা। ছবি: সংগৃহীত
শুধু বিতর্কের মঞ্চেই নয়, সারাক্ষণই ‘দল’ হয়ে থাকেন সিইউডিএসের সদস্যরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একদল মানুষ পরিচিত ‘ডিবেট পার্টি’ হিসেবে! তাঁরা দলবলে যখন ক্যাম্পাসের রাস্তায় চলেন, অনেকেই বলেন ‘ওই যে ডিবেট পার্টি যায়!’ এমন পদবি যাঁদের কপালে জুটেছে, তাঁরা সবাই বিতর্ক সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’ বা সিইউডিএসের সদস্য। সে দলের নাজমুল হাসান বলেন, ‘ক্যাম্পাস খোলা থাকলে বিকেলবেলাটা কাটে সিইউডিএস অফিসে। তারপর দল বেঁধে যখন বাইরে বেরোই বিপত্তি বাধে তখনই। অনেকে বলাবলি করে, ‘ওই যে ডিবেট পার্টি যায়!’
শুধু বিতর্কই করেন, এমন নয়। সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যও তাঁরা। ‘অন্তরের সীমানা বিস্তারে যুক্তিযুদ্ধে সব্যসাচী চেতনায় অনির্বাণ’ স্লোগানে সিইউডিএসের যাত্রা শুরু করেছিল প্রায় ২০ বছর আগে। ক্লাবের সভাপতি কাজী জাওয়াদ হোসেন বলেন, ‘সিইউডিএস নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গর্ব করে। অসংখ্য সফল ও আলোকিত মানুষ এই সংগঠনের সাবেক সদস্য। এটা বর্তমান সদস্যদের জন্য দারুণ অনুপ্রেরণার। সংগঠনে আমরা সবাই একটি পরিবারের মতো।’
সাপ্তাহিক নানা কার্যক্রম রয়েছে সিইউডিএসের। এর মধ্যে রোববার সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম। মঙ্গলবার ইংরেজি বিতর্ক ও বৃহস্পতিবার বাংলা বিতর্ক চর্চার আসর। বিতর্কের পাশাপাশি নানা সামাজিক কার্যক্রমেও সংগঠনের সদস্যরা পিছিয়ে নেই। বিতর্কের প্রসারে বিভিন্ন এলাকায় বিতর্ক কর্মশালার আয়োজন, ক্যারিয়ার নিয়ে সেমিনারের আয়োজন, শিশুদের নিরাপত্তা নিয়ে গণসংযোগ, রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণের মতো সামাজিক নানা দায়িত্ব পালন করে থাকেন।
শুধু কি বিতর্ক আর এমন সামাজিক কাজ নিয়েই তাঁরা ব্যস্ত থাকেন? সিইউডিএসের সদস্য মেহেরুন্নেসা ফারিন বলেন, আমাদের একসঙ্গে হওয়া মানেই নানা বিষয়ে আড্ডাবাজি। তার ফাঁকেই কাজটুকু হয়ে যায়।’
বিতর্কের আঙিনায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে সিইউডিএসের সদস্যরা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জন করেছে নানা পদক। জাতীয় অর্জন পর্যায়ে বাংলা বিতর্কে ২০১৫ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ইউজিসি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ২০১২ চুয়েট প্রযুক্তি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, ২০১১ সালে ইউএন-বিডিএফ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, দৃষ্টি আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও রয়েছে রানার্সআপ পদক।
ইংরেজি বিতর্কেও কম যাননি এ সংগঠনের বিতার্কিকেরা। এ বছরই রোটারী দৃষ্টি আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, প্রিমিয়ার বিপি আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নসহ নানা পুরস্কার। আন্তর্জাতিক পর্যায়ে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’ ২০১২ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব আসরে প্রতিনিধিত্ব করে চলেছে সিইউডিএস। তা ছাড়া ২০১৩ সালে অস্ট্রাল এশিয়ান ডিবেটিং চ্যাম্পিয়নশিপ, ২০১১ সালে এশিয়ান বিপি ডিবেটিং চ্যাম্পিয়নশিপে সফলতার সঙ্গে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্যরা।
ক্লাবের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছিলাম বিতর্ক ক্লাবের সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা ফারিনের কাছে। তিনি বলেন, ‘সিইউডিএসের লক্ষ্য হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শক্তিশালী, সুস্থ সাংস্কৃতিক বলয় গড়ে তোলা। বিতর্কচর্চার মাধ্যমে আমরা সে লক্ষ্য নিয়েই প্রতিনিয়ত কাজ করি।’