বিতার্কিকের নিলাম!

পর্দায় ভেসে উঠছে নাম। সঙ্গে ২৪ জন বিতার্কিকের অর্জনের বিবরণ। এভাবে শেষ হলো পরিচয়পর্ব। এরপর শুরু নিলামের ডাক। হাততালিতে ফেটে পড়েছে মিলনায়তন, টান টান উত্তেজনা। অবশেষে মূলপর্ব—২৪ জন বিতার্কিক আটটি দলের জন্য নিলামে অংশ নিলেন।
দলের নামগুলোও চমকজাগানিয়া, নগরের আটটি স্থানের নামে—পাইরেটস অব চকবাজার, লালখানবাজার খানস, চান্দগাঁও টাইগার্স, প্রবর্তক ইলুমিনাত্তি, মুরাদপুর সুপার পাওয়ার, জামালখান ক্রিস্টালস, দেওয়ানবাজার স্পাইডার্স ও আগ্রাবাদ এরিস্ট্রোক্রেট। দৃষ্টি চট্টগ্রামের উদ্যোগে ডিবেট প্রিমিয়ার লিগ উপলক্ষে ২৭ জুন নগরের থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি মিলনায়তনে বিতার্কিক নির্বাচনের এই ভিন্নধর্মী আয়োজন।
সাবেক সেরা বিতার্কিক ও বিতর্ক সংগঠকদের মধ্য থেকে আটজন ব্যবস্থাপকের তত্ত্বাবধানে পরিচালিত হবে দলগুলো। এই আট ব্যবস্থাপক হলেন সুবক্তগীন জেংগী, মুজিবুর রহমান, শহিদুল ইসলাম, বিবি মরিয়ম, জুয়েল চৌধুরী, সঞ্জয় বিশ্বাস, তাফহিম হিমেল ও বন কুসুম বড়ুয়া। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন রোটারি ক্লাব অব চিটাগাংয়ের সভাপতি এস এম আবু তৈয়ব।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন তরুণ শিল্প উদ্যোক্তা মঞ্জুরুল হক, সাংবাদিক শাহাদাত হোসেন, দৃষ্টি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, যুগ্ম সম্পাদক সাবের শাহ, প্রতিযোগিতার সহসমন্বয়কারী রাকিব তৌসিফ ও বিতর্ক সহসম্পাদক কাজী আরাফাত।
এস এম আবু তৈয়ব বলেন, ‘যুক্তি সংস্কৃতির একটি অংশ। আমরা সমাজে যুক্তিহীনতার যে প্রভাব দেখতে পাই তা থেকে উত্তরণের পথ দেখাতে পারেন বিতার্কিকেরা।’ দৃষ্টি প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের এই আয়োজনে অংশগ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি), সাদার্ন বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, সরকারি মুহ্ম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম কলেজ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও দৃষ্টি ডিবেট ক্লাবের বিতার্কিকেরা।