বিত্তবিনোদন
আট ধনীর হাতে বিশ্বের অর্ধেক মানুষের সমান সম্পদ। এ নিয়ে হচ্ছে অনেক আলোচনা-সমালোচনা আর তর্ক-বিতর্ক। আমরা সেসবে গা না ভাসিয়ে, চলুন দেশের দুটি রাজনৈতিক দলের বক্তব্য শুনি। রস+আলোর পক্ষ থেকে এ দুই পক্ষের কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছেন ভবিষ্যৎ বিশ্বের নবম ধনী ব্যক্তিত্ব সঞ্জয় সরকার। (ভবিষ্যতের ধনী ব্যক্তিত্ব হলেও তিনি যথেষ্ট পরিমাণে অলস। তাই দুই পক্ষকে একই প্রশ্ন করেছেন!)

রস+আলো: আট ধনীর হাতে বিশ্বের অর্ধেক মানুষের সমান সম্পদ। এ নিয়ে আপনার অনুভূতি কী?
পক্ষ ‘ক’: দেশ এখন ভালো অবস্থানে। উন্নয়নের চরম শিখরের দিকে আমরা ধাবিত হচ্ছি। এই উন্নয়নের ছোঁয়া এখন বিদেশেও লেগেছে। ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ এটাকেই আরেকবার আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমাদের দেশীয় বাণিজ্যিক মডেল ব্যবহার করে তাঁরা প্রচুর ধন-সম্পদের মালিক হচ্ছেন। দুদিন আগে তাঁরা আমাকে ফেসবুকে কৃতজ্ঞতাস্বরূপ একটা বার্তা পাঠিয়েছেন এবং ভবিষ্যতে সাহায্য প্রার্থনাও করেছেন। আমি তাঁদের আশ্বস্ত করেছি। পরেরবার আবারও ক্ষমতায় গেলে, তাঁদের আরও বাণিজ্যের সুযোগ দেওয়া হবে।
পক্ষ ‘খ’: আর অনুভূতি! পক্ষ ‘ক’ তো দেশের উন্নয়নের জোয়ার বলতে বলতে মুখে ফেনা তুলছেন। তাঁদের কথার সঙ্গে কাজের কোনো মিল দেখি না। বিশ্বের শীর্ষ আট ধনীর মধ্যে একজনও তো আমাদের দেশের নাই! এ বিষয়ে আমরা রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের তো এখন শেষ ভরসা রাষ্ট্রপতি। তিনি বিষয়টা দেখলেই সুরাহা হবে আশা করি। আমরা এটাও আশা করি, তিনি আমাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেবেন। আর সেটা হলে সামনের নির্বাচনে আমরা নিরঙ্কুশ জয় লাভ করব। তখন অনুভূতি জানতে আসবেন। বিরাট একখান অনুভূতি প্রকাশ করা যাবে।
রস+আলো: বিল গেটসের সম্পদ আমাদের দেশের চলতি জাতীয় বাজেটের প্রায় দ্বিগুণ। এ ব্যাপারে কিছু বলুন।
পক্ষ ‘ক’: ব্যাপার তো এটা না রে ভাই। ব্যাপার হলো বিল গেটসের এই সম্পদের রক্ষণাবেক্ষণ। যেকোনো পক্ষ দেশে ক্ষমতায় এলেই তো আর সম্পদ ঠিক থাকে না। দুর্নীতির আখড়া হয়ে যায়। আমরা আছি বলেই গেটস সাহেবের সম্পদ ঠিক আছে। জনগণের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব। সম্পদ ঠিক রাখতে হলে বারবার আমাদের শাসন দরকার। তাই আগামী নির্বাচনে আমাদের আবারও জয়যুক্ত করে নিজেদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করুন।
পক্ষ ‘খ’: এসবই ‘ক’ পক্ষের ব্যর্থতা। আমরা ক্ষমতায় গেলে কোনো অবস্থাতেই এই ধরনের পরিস্থিতি চলতে দেব না। আমাদের বাজেট হবে পৃথিবীর অর্ধেক সম্পদের সমান! এ নিয়ে আমরা শিগগিরই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসব। তিনিই আমাদের শেষ ভরসা। তিনি চাইলেই আমাদের একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিতে পারেন। আমরা জানি, সেই ফিল্ডে আমরাই গোল দেব।
রস+আলো: যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন অভিযোগ করেছেন, শীর্ষ ধনীরা পর্যাপ্ত কর দেন না। এ বিষয়ে যদি আলোকপাত করতেন।
পক্ষ ‘ক’: দেখুন, এসব বিষয় মূলত একটা দেশের সংস্কৃতির ওপর নির্ভর করে। সেদিন খবরে শুনলাম শীর্ষ ধনীদের দেশের রাজস্ব কর্মকর্তারা বলছেন, ওদের দেশে নাকি এক টাকার কর দিতে পাঁচ টাকার হয়রানি। সেখানে আমাদের দেশে হয়রানি মাত্র তিন টাকার! বুঝতেই পারছেন কেন ওরা পর্যাপ্ত কর দেয় না। তবে চিন্তার কোনো কারণ নাই। আগামী নির্বাচনে আমাদের আবারও ক্ষমতায় আনুন। তারপর দেখবেন, কড়ায়গণ্ডায় সব কর আদায় করে ছাড়ব!
পক্ষ ‘খ’: দেখুন, এসব ব্যাপারে নতুন করে কিছুই বলার নাই। শীর্ষ ধনীরা আমাদের দেশের কালচার ফলো করে বলে জানি। সো ইটস অ্যা সিম্পল ম্যাটার। পক্ষ ‘ক’-এর শীর্ষ রাজনীতিবিদেরা নিয়মিত কর দেন না। শীর্ষ ধনীরা তাহলে দিতে যাবেন কেন? এ ব্যাপারে শিগগিরই আমরা রাষ্ট্রপতির সঙ্গে বসব। তিনি চাইলেই আমাদের একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিতে পারেন। আমরা নিশ্চিত, সেটা হলে পরবর্তী নির্বাচনে আমরাই জয়ী হচ্ছি। তাঁরা পর্যাপ্ত কর দিচ্ছে, এ খবর প্রকাশ সম্ভব, শুধু আমরা নির্বাচনে জয়ী হলে।
রস+আলো: ধন্যবাদ।
পক্ষ ‘ক’: ধন্যবাদটা তোলা রইল। ফিরতি ‘ধন্যবাদ’ আগামী নির্বাচনে আমরা জয়ী হওয়ার পরপরই পাবেন!
পক্ষ ‘খ’: ইয়ে...এ ব্যাপারে আমরা শিগগিরই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসব। তিনি চাইলেই আপনার ‘ধন্যবাদ’ গ্রহণ করার জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিতে পারেন...!