বিদায় অ্যাডভেঞ্চার গুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দেখাতে মনে হলো যেন গ্রিক পুরাণ থেকে উঠে আসা কেউ। শ্বেত শ্মশ্রুমণ্ডিত, কাঁচা-পাকা লম্বা চুল, সেই চুল আবার ব্যান্ড দিয়ে বাঁধা। ঋজু শরীর। তেমনই ঋজু তাঁর বাচনভঙ্গি। কাজী হামিদুল হক। বাংলাদেশের অ্যাডভেঞ্চার-প্রিয় মানুষের পরিচিত মুখ। অ্যাডভেঞ্চার করতে চায় যে তরুণ প্রজন্ম, তাদের কাছে একাধারে অভিভাবক, বন্ধু, পথপ্রদর্শক। সব সময় নিজের পরিচয় দিতেন এভাবে: ‘আ য়াম আ স্কুবা ডাইভার অ্যান্ড আন্ডারওয়াটার ফটোগ্রাফার।’ ইংরেজি উচ্চারণে মার্কিন টান, আর বাংলা তো ভালো বলতেনই। নিজের পরিচয় ডুবুরি আর জলের তলের আলোকচিত্রীর মধ্যে সীমাবদ্ধ রাখলেও, কাজী হামিদুল হক তরুণ প্রজন্মের রোমাঞ্চকর সব আয়োজনে নিজেকে রাখতেন সম্পৃক্ত। তিনি আপাদমস্তক এবং আমৃত্যু ছিলেন একজন অভিযাত্রী। তাই তো তিনি ছোট্ট একটি নৌকা নিয়ে পাড়ি জমান বুড়িগঙ্গা থেকে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে খুঁজে বের করেন সাঁতারের পথ—বাংলা চ্যানেল। নিজের মৃত্যু নিয়ে কাছের মানুষদের হামিদুল হক বলতেন, ‘আই উড রাদার বি ইটেন বাই দ্য শার্ক, বাট আই উড নট লাইক টু ডাই অন দ্য ল্যাপ অব এ ডক্টর।’ কিন্তু কর্কট রোগ যে হাঙরের চেয়েও ভয়ংকর। হামিদুল হকের দেহে বাসা বেঁধেছিল কর্কট রোগ। তাঁর চিকিৎসাও চলেছে। কিন্তু এ কথা তাঁর স্ত্রী হামিদা আক্তার, খুব কাছের তিন-চারজন ছাড়া কেউ জানতেন না। তাঁর শ্যালক মো. এমদাদুর রহমান বলেন, ‘উনি বলতেন, “আমার এই রোগের কথা কাউকে জানাবেন না।’” প্রথম দিকে চিকিৎসাও নিতে চাননি। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা হয় তাঁর। বাসায় ফিরে আসেন। এরপর তিনি নিজের গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে যাওয়ার ইচ্ছা জানান। এমদাদুর রহমান বলেন, ‘স্ত্রীকে নিয়ে তিনি বাসস্ট্যান্ডে যান রিকশায় চড়ে। সবকিছু দেখে দেখে যাওয়ার ইচ্ছা ছিল তাঁর। মহাদেবপুর গিয়ে গ্রামের সবাইকে দাওয়াত করে খাইয়েছেন তিনি। ফেরার কথা ছিল ১৯ ফেব্রুয়ারি। আমাকে বলেছিলেন চানখাঁর পুল থেকে গরুর দুধ এনে রাখতে।’ ১৯ ফেব্রুয়ারি সকালে হামিদা আক্তারকে সঙ্গে নিয়ে মহাদেবপুর থেকে বাসে ঢাকার উদ্দেশে রওনা দেন কাজী হামিদুল হক। বাসটা যখন বগুড়ার শেরপুরের কাছাকাছি, তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। শেরপুর বাসস্ট্যান্ড থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ততক্ষণে তিনি পাড়ি জমিয়েছেন অসীম শূন্যতায়। মাত্র ৬৪ বছর বয়সে। রাতে ঢাকায় আজিমপুর কবরস্থানে বাবার কবরেই দাফন হয় কাজী হামিদুল হকের। নিজের জীবনকে নানা খাতে বইতে দিয়েছেন কাজী হামিদুল হক। একেবারে একজন অভিযাত্রীর মতো। তারুণ্যের পুরো শক্তি তাঁর মধ্যে ছিল একেবারে মৃত্যুর আগের সময় পর্যন্ত। তাঁর বাবা ছিলেন ভূতত্ত্ববিদ ও খনি প্রকৌশলী। চাকরির সূত্রে তিনি তখন আসামে। সে সময় ১৯৪৯ সালের ১৭ সেপ্টেম্বর আসামে জন্ম নেন কাজী হামিদুল হক। চার ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয় হামিদুল হক ঢাকার জগন্নাথ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেন। তারপর চলে যান যুক্তরাষ্ট্রে। সেখানে আর্ট ইনস্টিটিউট অব বোস্টন থেকে আলোকচিত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন ১৯৭৪ সালে। সে সময়টায় নানা ধরনের ছবি তুলতেন। স্নাতক করার পর চলচ্চিত্র নির্মাণ বিষয়ে একটা কোর্স করেন নিউইয়র্কে। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্কে এক প্রবীণ স্কুবা ডাইভারের (ডুবুরি) সঙ্গে পরিচয় ঘটে কাজী হামিদুল হকের। তাঁর কাছেই হাতেখড়ি ডুবসাঁতারে। হামিদের আগ্রহ তৈরি হয় অতল জলের বিচিত্র-বর্ণিল জগতের প্রতি। এ সময়টাতেই জলের নিচে ছবি তোলার কৌশল শিখে ফেলেন। ডুব দেওয়া আর জলের নিচে ছবি তোলাই হয়ে ওঠে হামিদের পেশা। তিনি সাগরের ২০০ ফুট নিচ পর্যন্ত ডুব দেওয়ার জন্য লাইসেন্সধারী ছিলেন।অন্য রকম ছবি তোলা‘পশ্চিমা জীবনধারা আমার মোটেও ভালো লাগত না।’ দেশে ফেরার কারণ হিসেবে তিনি এ কথাই বলতেন। ১৯৯৪ সালে স্থায়ীভাবে ফিরে আসেন বাংলাদেশে। ঘাঁঁটি গাড়েন ১০৭ আজিমপুর, পৈতৃক বাড়িতে। গত সপ্তাহে সে বাড়িতে বসেই কথা হচ্ছিল শ্যালক এমদাদুর রহমানের সঙ্গে। এ সময় আসেন কামাল আনোয়ার, যিনি বাবু নামে পরিচিত আর খসরু আহমেদ। দেশে ফেরার পর থেকে কাজী হামিদুল হকের সঙ্গে ছায়াসঙ্গীর মতো ছিলেন বাবু। জানালেন, অভিযান হামিদ ভাইয়ের রক্তে মিশে ছিল। দেশে ফিরে তিনি গড়ে তুলেছিলেন ‘এক্সট্রিম বাংলা’ নামের এক সংগঠন। এক্সট্রিম বাংলা থেকে বাংলা চ্যানেল সাঁতারের আয়োজন করতেন, আরও নানা রকম অভিযান পরিচালনা করতেন।আর ছিল ছবি তোলার নেশা। এসব ব্যাপারে প্রযুক্তিগত সব দিক জানা ছিল তাঁর। সাধারণ ঘরানায় ছবি তুলতেন না কাজী হামিদুল। পানির নিচের ছবি তোলায় বাংলাদেশে তাঁকে পথিকৃৎ বলা যায়। সেন্ট মার্টিনে বঙ্গোপসাগরে প্রবালের দারুণ সব ছবি তিনি তুলেছেন। আন্ডার ওয়াটার ফটোগ্রাফির প্রশিক্ষণ দিয়েছেন বিটিভির চিত্রগ্রাহকদের। বেশ কয়েকজন তরুণ আলোকচিত্রীও তাঁর কাছে জলের তলায় ছবি তোলার কৌশল শিখে নিয়েছেন। প্যানারোমিক ছবির ব্যাপারে ছিল ব্যাপক আগ্রহ। এ জন্য যখন যা ক্যামেরা, লেন্স দরকার সবই সংগ্রহ করতেন। আর শেখাতেন তরুণদের। এমদাদুর রহমান জানালেন, ঘুড়িতে ক্যামেরা বসিয়ে ওপর থেকে ঢাকা শহরের ছবি তোলার পরিকল্পনা করেছিলেন কাজী হামিদুল হক। ঘুড়ি কেনা হয়েছে, ক্যামেরা, লেন্সসহ আনুষঙ্গিক যন্ত্রপাতিও রেডি। কথা ছিল বাড়ি থেকে ফিরে ঘুড়ি উড়িয়ে ছবি তুলবেন। বাবু বললেন, ‘সাধারণত কোনো জনসমাবেশে সবার মুখের ছবি তোলা যায় না। কিন্তু ওপর থেকে ছবি তুললে কোথায় কী আছে, তা ধরে রাখা যায়। এ জন্য ঘুড়িতে ক্যামেরা বসিয়ে তা দূর থেকে নিয়ন্ত্রণ করে ছবি তোলার পরিকল্পনা করেছিলেন হামিদ ভাই।’ বাবু বললেন, ‘যে নৌকা নিয়ে ঢাকা থেকে আমরা সেন্ট মার্টিন গিয়েছিলাম, সেই নৌকাটা আর নেই। কিন্তু হামিদ ভাই সম্প্রতি নতুন নৌকা কেনার কথা ভাবছিলেন। হামিদ ভাই নিজে নৌকার স্থাপত্য নকশাও করে ফেলেছিলেন।’ প্রজাপতি ভালোবাসতেন তিনি। প্রজাপতির জীবনচক্র নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। আলোকচিত্র, ভিডিও, আঁকা ছবি আর তথ্য দিয়ে নানা রকম প্রজাপতির জীবনচক্র তুলে ধরার ইচ্ছা ছিল তাঁর। মথ থেকে গুটি, তারপর গুটি ছিঁড়ে প্রজাপতির বের হওয়া—এই ভিডিও ধারণ করার আগে এক মাস শরীরচর্চা করে নিয়েছেন। কেন? জানালেন খসরু, প্রজাপতি যখন গুটি ছিঁড়ে বের হবে, সেই মুহূর্তের ছবি তোলার জন্য ভারী ভিডিও ক্যামেরা ঘাড়ে নিয়ে কোমর একটু বাঁকিয়ে নিচু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সেটা যাতে পারেন, সে জন্যই ব্যায়াম করতেন কাজী হামিদুল হক। নিজের প্রিয় বিষয়গুলো এমনই নিখুঁতভাবেই সম্পন্ন করতেন তিনি।বাংলা চ্যানেল আবিষ্কারসেই যে যৌবনে সাগর টেনেছিল কাজী হামিদুল হককে, সেই টান ছিল আমৃত্যু। দেশে ফেরার পর ছুটে যান সমুদ্রে। চষে বেড়িয়েছেন কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এলাকার বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের এই পথে নৌকায় ঘুরে বেড়াতে বেড়াতে তাঁর মাথায় খেলা করে সাঁতারে সাগর পাড়ি দেওয়ার একটা রুট। সঙ্গে ছিলেন কামাল আনোয়ার। কামাল বললেন, ‘টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ভাটার সময় সেন্ট মার্টিন পর্যন্ত সাঁতরে পার হওয়া যাবে, এটা হামিদ ভাই বের করলেন। কখন কোথায় স্রোত কোন দিকে যায়, তা-ও আমরা বের করে ফেলি বিভিন্ন রঙের বোতল ভাসিয়ে। এই পথে স্রোতের দুটি ধারা আছে, এর একটা যায় আরাকানের দিকে। হামিদ ভাই সঠিক রুটটা বের করে ফেলেন।’ নৌকা চালিয়ে সেন্ট মার্টিনে যাওয়ার পরই সাঁতারের এই রুট বের করার দিকে মন দেন তিনি। ‘ওরা যেমন ইংলিশ চ্যানেল পাড়ি দেয়, আমরাও এমন একটা সাঁতার চালু করতে পারি।’ বলতেন কাজী হামিদুল হক। ২০০৬ সালে প্রথম সাঁতারের আয়োজন করা হয়। সে দলে সাঁতারু হিসেবে ছিলেন লিপটন সরকার, ফজলুল কবির ও সালমান সাইদ। দলে বয়সে সবচেয়ে ছোট সালমান সাইদ। তিনি বলেন, ‘দলে আমিই ছিলাম অনভিজ্ঞ সাঁতারু। কিন্তু হামিদ ভাই মানসিকভাবে এত শক্তি জোগাতেন যে কোনো ভয়ই লাগেনি।’ ২০০৬ সালের জানুয়ারির মাঝামাঝি এই দলটি শাহপরীর দ্বীপ থেকে বঙ্গোপসাগরে ১৪ দশমিক ৪ কিলোমিটার সাঁতার কেটে পৌঁছায় সেন্ট মার্টিনে। তখনো সাঁতারের এ পথের নামকরণ হয়নি। পরে ঢাকায় কাজী হামিদুল হক এর নাম দেন বাংলা চ্যানেল। এর পর থেকে প্রতিবছরই বাংলা চ্যানেল সাঁতারের আয়োজন চলছে। আর কয়েক দিন পরে এ বছরের বাংলা চ্যানেল সাঁতারের পরিকল্পনা করেছিলেন কাজী হামিদুল হক। কিন্তু তার আগেই তিনি পাড়ি দিয়েছেন অসীম শূন্যতায়।বুড়িগঙ্গা থেকে বঙ্গোপসাগর২০০৪ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ। বুড়িগঙ্গা নদী থেকে একটি নৌকা পাড়ি জমায় বঙ্গোপসাগরের উদ্দেশে। শুনলে অবাকই হতে হয়, নৌকাটি দৈর্ঘ্যে মাত্র ২১ ফুট আর প্রস্থে নয় ফুট। সেই নৌকায় ছিল না কোনো স্নানঘর বা রান্নাঘর। স্টোভ জ্বালিয়ে রান্নার ব্যবস্থা। কাজী হামিদুল হকের নেতৃত্বে এই নৌকায় অভিযাত্রী ছিলেন ১৩ জন। সে যাত্রায় অংশ নেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম। তাঁর কাছ থেকে জানা যায় সেই যাত্রার বৃত্তান্ত।চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙার জায়গা থেকে একটা লাইফ বোট (বড় জাহাজের সঙ্গে এগুলো বাঁধা থাকে) কিনে আনেন। এরপর ঢাকায় নিয়ে এসে সেটায় ইঞ্জিন লাগানো হয়। নৌকাকে নদী-সমুদ্রে চলাচলের উপযোগী করতে নানা কারিগরি ফলানো হয়। এসব কাজ নিজেই করেন হামিদুল হক। রাতে বুড়িগঙ্গা থেকে নৌকা ছাড়ার কথা, কিন্তু যাত্রা শুরু হলো ভোরে। এই অভিযাত্রায় সে সময় অংশ নিয়েছিলেন হামিদুল হক, মুসা ইব্রাহীম, ইমরান, ফজলুল কবির, কামাল আনোয়ার, রফিক, রবিউল হুসাইন, একুশে টিভির দুই সাংবাদিক এবং আরও কয়েকজন। রুট চেনার কারণে সারেং আনা হয়েছিল সীতাকুণ্ড থেকে। মুসা বলছিলেন, ‘ভোরে রওনা দিয়ে সেদিনই পৌঁছাই চাঁদপুরে। আমাদের হিসাব ছিল দুই দিনে সেন্ট মার্টিনে যাব। কিন্তু দেখা গেল, সন্দ্বীপ পর্যন্ত পৌঁছাতেই লেগে গেল পাঁচ-ছয় দিন। কারণ, নৌকার গতি ছিল খুব ধীর। সন্দ্বীপ থেকে পরের দিন যাচ্ছিলাম চট্টগ্রামের দিকে। কর্ণফুলীতে নৌকা যখন পৌঁছাল, তখন দেখি কর্ণফুলী চ্যানেল থেকে সব জাহাজ মিছিল করে গভীর সমুদ্রে যাচ্ছে। আমাদের নৌকায় জিপিএস, কম্পাস ছিল, কিন্তু রেডিও ছিল না। তাই আমরা কোনো খবরই পাচ্ছিলাম না। কিছুক্ষণের মধ্যে দেখি সমুদ্র পুরো উত্তাল। ১৫ থেকে ২০ ফুট উঁচু একেকটা ঢেউ। হামিদ ভাই সবাইকে নৌকার পেছনে জড়ো হয়ে থাকতে বললেন। নিজেদের জান হাতে নিয়ে আমরা তা-ই করলাম।’সমুদ্রের তাণ্ডব থামার পর কাজী হামিদুল হকের নৌকা কর্ণফুলী জেটিতে পৌঁছাল। তখন জানা গেল, সেই দিনটিতে ইন্দোনেশিয়ায় ভারত মহাসাগরে ঘটে প্রলয়ংকরী সুনামি। চট্টগ্রামে গিয়ে সারেং তাঁর বাড়িতে ঘুরতে যান, কিন্তু তিনি আর ফেরেননি। হামিদুল হক নিজে আবার সীতাকুণ্ডে গিয়ে আরেকজন সারেং নিয়ে আসেন। এরপর মহেশখালী হয়ে টেকনাফ, তারপর সেন্ট মার্টিনে পৌঁছায় হামিদুল হকের নৌকা। হামিদুল হক ও আরও কয়েকজন নৌকা চালিয়েই আবার ফিরে আসেন ঢাকা। ছবির জন্য কৃতজ্ঞতা: হামিদা আক্তার ও এমদাদুর রহমান