বিদায় বারতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর আগে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু করে ক-৬৩ ব্যাচ। প্রথম কঙ্কাল নিয়ে পড়াশোনা, লাশ কেটে কেটে মানবদেহের প্রতিটি অংশ শেখা, কত শত পরীক্ষা—‘আইটেম, কার্ড, টার্ম, প্রুফ!’ তারপর ফলাফল নিয়ে টেনশন আর দৌড়াদৌড়ি। একে একে বছর পার। আরও পড়াশোনা, আরও টেনশন। এরই মধ্যে বর্ষপূর্তি অনুষ্ঠান করা হতো। সেগুলো ছিল যেন এক পশলা বৃষ্টির মতো। আনন্দে মাতিয়ে রেখে যেত সবাইকে।পাঁচ বছরের এমবিবিএসের ক্লাস, পড়াশোনা, পরীক্ষা আর এক বছরের ইন্টার্নশিপ—মোট ছয় বছর। কেটে গেল যেন নিমেষেই!ঢাকা মেডিকেল কলেজের ক-৬৩ ব্যাচের সবারই মনে ছিল বিদায়ের সুর। বিদায়ের সুরধ্বনি যে নভেম্বরেই বাজবে তা তো জানাই ছিল। ঠিক এক বছর আগে ২০১১ সালের ১২ নভেম্বর ইন্টার্নি শুরু হয় এ ব্যাচটির। শেষ হয় এ বছর নভেম্বরে।র্যা গ ডে বা বিদায় উৎসবের দিন সকাল থেকে জড়ো হতে থাকেন কলেজ ক্যাম্পাসে। সবাইকে টি-শার্ট বিতরণ করা হয়। অনেকেই হাতে তুলে নেন খেলনা বাঁশি, ঢোল আর ঝুনঝুনি। এগুলোর শব্দে মুখরিত হতে থাকে চত্বর। আর ব্যান্ড পার্টি তো সঙ্গেই ছিল। উপাধ্যক্ষ ইসমাইল হোসেন কেক কেটে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন বিদায় উৎসবের। তারপর শুরু হয় রং ছোড়াছুড়ি। একে অন্যকে রঙে রাঙানোর পালা। ব্যান্ড পার্টির বাজনার তালে তালে নাচতে নাচতে গান গাইতে গাইতে সবাই শোভাযাত্রা পৌঁছে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। রাজু ভাস্কর্যের সামনে চলতে থাকে ফটোসেশন। আবার ফিরে আসা ঢাকা মেডিকেল কলেজের ডক্টরস ক্যানটিনে। এরপর ভূরিভোজের মাধ্যমে সেদিনকার মতো উৎসবের সমাপ্তি। তার কয়েক দিন পর হলো ব্যাচটির শেষ অনুষ্ঠান—বারবিকিউ পার্টি। নাহিদ, রায়হান, পাপ্পু বানাচ্ছেন বারবিকিউ; বাবু, মুনিমা, অরিন, হাসিব—গান ছেড়ে সুরের মূর্ছনায় নৃত্য করছেন। কেউ কেউ গল্পে মশগুল। কেউ বা ব্যস্ত ছবি তোলায়। সোহানা বলেন, ‘কেউ কেউ ইতিমধ্যেই হল ছেড়ে বাড়ি চলে গেছে, বাকিরাও যাবে। আবার কবে দেখা হবে কে জানে। সবাই সবাইকে খুব মিস করব, কীভাবে শেষ হয়ে গেল ছয় বছর, বুঝতেই পারলাম না।’ জিলান বলেন, ‘এ দিন যে পরিমাণ রং মাখামাঝি করলাম, তাতে এই রং পাঁচ-ছয় দিনেও উঠবে কি না জানি না, তবে ক-৬৩ ব্যাচের সঙ্গে ঢাকা মেডিকেলের যে স্মৃতি, তা মন থেকে কোনো দিনও উঠবে না।’ একই রকম মনের কথা বাবু, বিভা, স্বরূপা, অন্নপূর্ণা, অপরাজিতা, জিলান, আনিস, ইমরানসহ অন্যদের।সব শেষে মিলন চত্বরে আতশবাজি। আলোকচ্ছটায় ভেসে গেল ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বর। সবাই সবাইকে বিদায় জানিয়ে আবেগাপ্লুতভাবে শেষ হয় শেষ অনুষ্ঠান। যদিও সবাই জানেন, এ পথচলাই শেষ নয়। এই অর্ধযুগের পথচলা চলবে অমরত্বের সন্ধানে। সবাই যে বাঁধা, একই বন্ধনের বাঁধনে।