বিদায়বেলায় আনন্দ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কমার্স কলেজে ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা
সরকারি কমার্স কলেজে ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা

চারদিকে উৎসবের আমেজ। ক্যাম্পাসে সাজ সাজ রব। ক্লাসের তাড়া ভুলে আড্ডায়-গানে মেতে ওঠা। অন্য রকম দিন। সরকারি কমার্স কলেজের ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়বেলায় ৫ নভেম্বর ছিল এ রকম আনন্দ আয়োজন।
সকাল ১০টায় শান্তির পায়রা উড়িয়ে দিনব্যাপী শিক্ষা সমাপনী আয়োজন উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব ভূঁইয়া। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ঝরনা খানম ও শিক্ষার্থী আলী আহসান। এরপর কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণিল শোভাযাত্রা। ঢাক-ঢোল পিটিয়ে, ভুভুজেলা বাজিয়ে শোভাযাত্রাটি নগরের আগ্রাবাদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা মাদক, সন্ত্রাস, ঘুষ ও যৌতুকবিহীন একটি সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে। শোভাযাত্রা শেষে ছিল রক্তদান কর্মসূচি।
এদিকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম পর্বে ছিল বিদায়ী শিক্ষার্থীদের নানা পরিবেশনা। শিক্ষার্থীদের গানের সুরে ও নাচের তালে মেতে উঠে পুরো কলেজ প্রাঙ্গণ। শ্রোতাদের মুগ্ধ করেছে শিক্ষার্থী আরিফুল ইসলাম ও অভিজিৎ সরকারের গিটারের সুর। এ ছাড়াও সেতু দত্ত, ফারজানা আক্তার, সাকিব চৌধুরী ও চারুপ্রভা তঞ্চঙ্গ্যার নৃত্য নজর কাড়ে।
বিকেল সাংস্কৃতিক আয়োজনের দ্বিতীয় পর্বে মঞ্চ মাতায় ব্যান্ডদল ‘ম্যাট্রিক্যাল’, ‘অ্যাসেজ’ ও ‘নাটাই’। রাত আটটায় ব্যান্ডদল ‘নাটাই’ যখন ‘দেখা হবে বন্ধু’ গানটি পরিবেশন করছিল তখন মিলনায়তনে কারও কারও চোখ আর বাধা মানেনি। অবশেষে ভাঙে এ মিলনমেলা। স্মৃতিতে জমা হয় আনন্দমুখর একটি দিন।