বিদায়ের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ মে বেলা ১১টা বাজতেই সবাই হাজির হয়েছিলেন অপরাজেয় বাংলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের ৮৯তম ব্যাচের শিক্ষা সমাপনীর দিনে ছেলেরা পরেছিলেন পাঞ্জাবি আর মেয়েদের পোশাক ছিল শাড়ি। তারপর কেক কেটে শুরু হয় অনুষ্ঠান। ‘আমরা কলাভবনের সামনে দলীয় নৃত্য করেছি, তারপর শোভাযাত্রা নিয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরেছি’, বলেন তানজিনা মেহজাবিন। স্মৃতিকাতর শারমিন জাহান বলছিলেন, ‘দিনগুলো ছিল স্বপ্নের মতো। নিমেষে যেন চারটি বছর কেটে গেল।’শিক্ষা সমাপনী উৎসবের প্রস্তুতিও চলেছে বেশ জোরেশোরে। প্রস্তুতির গল্প বলছিলেন রাব্বি হোসাইন, ‘প্রতিদিন বিকেলের আড্ডা শেষে আমরা হলে হলে গিয়ে বন্ধুদের সঙ্গে বসেছি। কীভাবে দিনটি সাজাব, তা নিয়ে ফেসবুকে সবার ভাবনা ভাগাভাগি করেছি।’দিনটির কথা বলতে গিয়ে শফিকুর রহমান বলেন, ‘পরবর্তী জীবনে যাওয়ার আগে দিনটি স্মৃতি হয়ে থাকবে। ক্লাসে অনেকের সঙ্গে হয়তো কথাই হয়ে ওঠেনি। আজ সবার সঙ্গে মিশেছি।’ শফিকুরের কথার সঙ্গে তাল মেলান রাজীব হোসেন। তিনি বলেন, ‘যারা অংশ নিতে পারেনি, তাদের জন্য খারাপ লেগেছে।’ বিকেল তিনটা থেকে শুরু হয় আয়োজনের দ্বিতীয় পর্ব। ছাত্র-শিক্ষক মিলনায়তনে চলে গান, নাটিকাসহ বিভিন্ন পরিবেশনা। কিন্তু কিছু সময়ের জন্য পরিবেশ ভারী হয়ে যায় অনুভূতি জানাতে গিয়ে। সবার কণ্ঠে বেজে ওঠে বিদায়ের সুর।দিন শেষে মেহেদি হাসান, সিরাজুল ইসলাম, শারমিন জাহান চৌধুরী, ফয়সাল, সাকির আহমেদের মতো তাঁদের সব বন্ধুর ভারী কণ্ঠে বেরিয়ে আসে একটি কথা, ‘বন্ধু, তোদের মিস করব’। মিস করা দিনগুলো বইবন্দী করতে তাঁরা ইতিবৃত্ত নামে একটি স্মরণিকা প্রকাশ করেছেন। আর নিত্যদিন যোগাযোগের জন্য ফেসবুক তো রয়েছেই!