বিদায় বেলায় রঙের মেলা
প্রিয় পাহাড়ি ক্যাম্পাসের সবুজ বুকজুড়ে নানা রঙের ছড়াছড়ি। সাদা-কালো, লাল-নীল আর বেগুনি রঙের মেলা চারদিকে। যেন রং লেগেছে শিক্ষার্থীদের পোশাকে, গালে, মুখে আর মনে-প্রাণে। বিষণ্ন বিদায় বেলায় শিক্ষার্থীরা সারা দিন মেতে ছিল রঙের খেলায়।যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব (র্যাগ) ঘিরে ১৯ জুলাই এমনই বর্ণিল পরিবেশের সৃষ্টি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীদের উল্লাস, আড্ডা আর হাসি-গানে মুখর ছিল ক্যাম্পাস।সকাল সাড়ে ১০টার দিকে বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় র্যাগ ডের আনুষ্ঠানিকতা। এর পর পরই প্রিয় বন্ধুর স্মৃতি ধরে রাখতে শিক্ষার্থীরা নিজেদের টি-শার্টে একে অপরের স্বাক্ষর নেওয়া শুরু করেন। মজার সব কথামালাসহ সবার স্বাক্ষরে মুহূর্তেই ভরে ওঠে একেকটি টি-শার্ট। ‘ক্যাম্পাসের প্রিয় বন্ধুদের স্বাক্ষর স্মৃতিচিহ্ন হিসেবে সারা জীবন রয়ে যাবে আমাদের টি-শার্টে। আমরা সবাই সযতনে রেখে দেব এই স্মৃতি।’ বলছিলেন শিক্ষার্থীরা। এদিকে এরই মধ্যে বেজে উঠেছে ব্যান্ড পার্টির ড্রাম। ধুমাধুম বাজনার তালে তালে উদ্দাম নৃত্যের ছন্দে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেওয়া বিদায়ী শিক্ষার্থী গোলাম রসূল ভূঁইয়া বলেন, ‘আজ বিদায়ের এই দিনে নিজে নাচব, সবাইকে নাচাব। সবার সঙ্গে এমন মজা আর সারা জীবনেও হবে না।’এদিকে ততক্ষণে রঙে রঙে রঙিন হয়ে ওঠে পুরো শোভাযাত্রা। যেন কে কাকে রঙে রাঙাবে তারই এক প্রতিযোগিতা। সুনামি গার্ডেন, কলা অনুষদের ঝুপড়ি, জারুলতলা, শহীদ বুদ্ধিজীবী চত্বর, গোলচত্বর, স্টেশন চত্বর, শহীদ মিনারসহ পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার সমাজবিজ্ঞান অনুষদের সামনে এসে শোভাযাত্রা শেষ হয়।দুপুরের পর শিক্ষার্থীরা যাত্রা করেন শহরের উদ্দেশে। গন্তব্য পতেঙ্গা সমুদ্রসৈকত। চলতি পথে বাসের ভেতরে চলে গান আর আড্ডা। চলে আর এক প্রস্থ রং মাখামাখি। পতেঙ্গায় সমুদ্রের সঙ্গে যেন মিশে যান শিক্ষার্থীরা। এভাবে চলে বিকেল পর্যন্ত।এবার বিদায়ের পালা। বিদায়ের বেদনায় বিষণ্ন হয়ে পড়েন শিক্ষার্থীরা। একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। সারা দিনের রৌদ্রোজ্জ্বল আকাশও যেন তাঁদের ব্যথায় ব্যথিত হয়। আকাশ থেকে নামে ঝিরিঝিরি বৃষ্টির পানি। সে পানিতে ধুয়ে-মুছে যায় সবার কান্না। ‘গতকাল সারা দিন বৃষ্টি ছিল। তাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম কাল আমাদের র্যাগ ডে তাই আকাশের মন ভালো নেই। আজ সত্যি সত্যি তা মিলে গেল।’ কান্নামিশ্রিত কণ্ঠে বলছিলেন বিদায়ী শিক্ষার্থী মাইনুদ্দীন। বিদায়ী শিক্ষার্থী বারেক কায়সার উদাস কণ্ঠে গেয়ে উঠলেন—‘বিশ্ববিদ্যালয়ের দিনগুলো যায় যায়/ হারিয়ে যায়/ উজ্জ্বল, বর্ণালি দিনগুলো হায়/ মিলিয়ে যায় হাওয়ায়।’ সমবেতভাবে গলা মেলাল সবাই।