
কদিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন মহানায়িকা সুচিত্রা সেন। তিনি আছেন কলকাতার বেসরকারি হাসপাতাল বেলভিউতে। গোটা কলকাতা উদ্বিগ্ন। তাঁর শারীরিক অবস্থা জানার জন্য গোটা দেশ তাকিয়ে আছে হাসপাতালের দিকে। হাসপাতালের সামনে কলকাতার সাংবাদিকেরাও। কিন্তু অত্যন্ত গোপনীয়তার মধ্যে চিকিৎসা চলছে বলে তারা নিজেরা কোনো খবর পাচ্ছেন না। কেবল হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিদিনের একটি স্বাস্থ্য বুলেটিনই ভরসা। কলকাতাবাসী প্রার্থনা করছেন সুচিত্রা সেনের আরোগ্যের।

কিন্তু ২৬ দিনের লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন সুচিত্রা সেন। দিনটি ছিল শুক্রবার। এ বছরের ১৭ জানুয়ারি। প্রতিদিনের মতো সকালে টিভি খুলে বসেছি। সকাল সাড়ে আটটায় হঠাৎ খবরে দেখি, সুচিত্রা আর নেই। সকাল আটটা ২৫ মিনিটে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে তিনি চলে গেছেন পরপারে। কলকাতার বেলভিউ হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। চিত্রগ্রাহক ভাস্কর মুখার্জিকে ফোনে খবরটি দিয়ে তক্ষুনি বেলভিউতে আসতে বললাম। ছুটলাম আমিও। তখনো হাসপাতাল থেকে সরকারিভাবে ঘোষণা হয়নি মৃত্যুসংবাদ।
একটি ট্যাক্সি নিয়ে ঘণ্টা খানেকের মধ্যে পৌঁছে গেলাম হাসপাতালে। ভাস্করও পৌঁছে গেছেন। প্রচণ্ড ভিড় হাসপাতালের সামনে। কলকাতার সব সংবাদমাধ্যমের সাংবাদিকেরা ক্যামেরা নিয়ে হাজির। কিন্তু কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ ঘিরে রেখেছে হাসপাতাল। সবাই শুধু শেষ সংবাদটুকু জানার জন্য প্রহর গুনছে।
২৪ ডিসেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে গোপনে এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন সুচিত্রা সেন। ১৯৭৮ সালে প্রণয়পাশা ছবি করার পর আর ছবি করেননি। ধীরে ধীরে একেবারেই চলে যান লোকচক্ষুর অন্তরালে।
শুনলাম সকাল নয়টার দিকে গোপনে, সংবাদমাধ্যমকে এড়িয়ে একবার মৃতদেহ বের করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা আর হয়নি মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে।
নয়টা ৩৫ মিনিটে হাসপাতালে আসেন মমতা। তারপর ১০-১৫ মিনিটে মমতাই প্রথম সুচিত্রা সেনের মৃত্যুসংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বলেন, ‘মহানায়িকা আর আমাদের মাঝে নেই। পতন হলো এক মহিরুহের।’ ঘোষণা দেন, মহানায়িকার মরদেহ প্রথম নিয়ে যাওয়া হবে তাঁর বালিগঞ্জের বাড়িতে।
১২টার দিকে কফিনবন্দী করা হয় সুচিত্রা সেনের মৃতদেহ। ১২টা ৪৩ মিনিটে হাসপাতাল থেকে শববাহী গাড়ি রওনা হয় তাঁর বাড়ির দিকে। কালো কাচে ঘেরা ফুলে ফুলে ঢাকা গাড়ি। বাইরে থেকে দেখার উপায় নেই। আমরাও আমাদের ভাড়ার গাড়ি নিয়ে ছুটতে থাকি শববাহী গাড়ির পেছনে। ১২টা ৫০ মিনিটে গাড়িটি পৌঁছে যায় বালিগঞ্জ প্লেসের বাড়িতে। এখানেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর তরফ থেকে শ্রদ্ধা জানানো হয়।
কয়েক মিনিট থাকার পর এখান থেকেই শববাহী গাড়ি রওনা হয় দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানের দিকে। শববাহী গাড়ির পেছনে কন্যা মুনমুন সেন, নাতনি রাইমা ও রিয়া সেনের গাড়ি। তার পেছনে মুখ্যমন্ত্রী মমতার গাড়ি। একটা ১০ মিনিটে কেওড়াতলা শ্মশানে পৌঁছায় মরদেহ। রাখা হয় চিত্তরঞ্জন দাসের সমাধির পেছনে নবনির্মিত একটি মঞ্চে।
শ্মশানে আমাদের সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। আমরা শ্মশানের পাশে একটি সেতুর ওপর দাঁড়িয়ে সুচিত্রা সেনের শেষযাত্রার ঘটনাবলি দেখি। দেখান থেকেই আমাদের ফটো সাংবাদিক ভাস্কর ছবি তুলেছে।
একটা ১৭ মিনিটে মুখ্যমন্ত্রী মমতা, মুনমুন সেন, চিকিৎসক সুব্রত মৈত্র শেষ শ্রদ্ধা জানান সুচিত্রা সেনকে। এ সময় কান্নায় ভেঙে পড়েন মুনমুন সেন। একটা ২০ মিনিটে রাজ্য সরকারের পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রীকে। বেজে ওঠে বিউগলে করুণ সুর। একটা ৩০ মিনিটে কফিনের ওপর অংশ খোলা হয়। এখানেই পালন করা হয় ধর্মীয় আচার-রীতি। একটা ৩৮ মিনিটে কফিন থেকে শবদেহ বের করা হয়। কিন্তু পুরো দেহ ঢাকা। মুখ দেখার উপায় নেই। এখানেই শেষ নমস্কার জানিয়ে চিরদিনের জন্য মুনমুন বিদায় দেন মাকে, একটা ৪৫ মিনিটে মুখাগ্নি করেন তিনি।
এ সময় প্রথম আলোয় সুচিত্রা সেনকে নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন লিখেছি আমি। ঢাকা থেকে সাংবাদিক মাসুম আলীও তখন ছিলেন কলকাতায়। তিনিও বেশ কয়েকটি প্রতিবেদন পাঠিয়েছিলেন।
অমর সাহা: কলকাতা প্রতিনিধি