বিদায়বারতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নাতক শেষ করল ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের প্রথম ব্যাচ। ২০ মে বর্ণিল এক শিক্ষা সমাপনী উৎসবের মাধ্যমে স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীরা এক অনন্য গৌরবের অংশ হলেন। সকাল ১০টায় ব্যবসায় অনুষদ প্রাঙ্গণে কেক কেটে উৎসবের অভিষেক ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষদের ডিন অধ্যাপক জামাল উদ্দিন আহমদ, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু হেনা রেজা হাসান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক এবং বিভাগের শিক্ষকেরা এ সময় উপস্থিত ছিলেন।সুসজ্জিত ঘোড়ার গাড়ি আর ব্যান্ড পার্টির বাদ্যের তালে নেচেগেয়ে শিক্ষার্থীরা র‌্যালি সহকারে প্রিয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালি মল চত্বর, কলা ভবন, সেন্ট্রাল লাইব্রেরি, টিএসসির আঙিনা পেরিয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। ২০০৭-০৮ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সফলভাবে স্নাতক শিক্ষা সম্পন্ন করানোর মাধ্যমে বিভাগটি দেশের বিজনেস গ্র্যাজুয়েট সৃষ্টির নতুন ক্ষেত্র উন্মোচন করল। উৎসবের দ্বিতীয় অংশে ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে ‘প্রিপেয়ারিং ফর দ্য জব মার্কেট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রহিমাফরোজের মানবসম্পদ বিভাগের প্রধান আরিফ শাহরিয়ার, সিমেন্স বাংলাদেশের মানবসম্পদ বিভাগের ডেপুটি ম্যানেজার ফজলে হাসান ভূঁইয়া, সিটি বাংক লিমিটেডের মানবসম্পদ ও পরিকল্পনাপ্রধান শায়লা পারভিন। আলোচকেরা শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের শিক্ষা ও কাজের অভিজ্ঞতা বিনিময় করেন। নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে উপস্থাপনের জন্য আলোচকেরা শিক্ষার্থীদের বৈশ্বিক ব্যবসা-বাণিজ্য এবং সংস্কৃতির সঙ্গে মনন ও মেধার উৎকর্ষ সাধনের আহ্বান জানান। উৎসব আয়োজনের শেষাংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।