বিদায়বেলার আনন্দ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা ১১টা। বৈশাখের খরতাপ উপেক্ষা করে ক্যাম্পাসে হাজির সব শিক্ষার্থী। তবে প্রতিদিনের মতো ক্লাস ও পরীক্ষার তাড়া নেই। উৎসবের আনন্দ সবার চোখেমুখে। এ আনন্দকে রঙিন করে তুলতে বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস। ১৫ এপ্রিল এভাবেই আনন্দে আর উচ্ছ্বাসে দিন কেটেছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫০তম এমবিবিএস ও ১৯তম বিডিএস ব্যাচের শিক্ষার্থীদের। এই দুই ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে হয়ে গেল ‘ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান ২০১৪’। বর্ণিল এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে রেড কার্পেট ইভেন্টস।

শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর। ঢাক-ঢোল ও বাঁশি বাজিয়ে নেচে-গেয়ে শিক্ষার্থীরা এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে রঙের উৎসবে মাতেন নবীন চিকিৎসকেরা। এরপর ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়ে রাতভর চলে এই অনুষ্ঠান। প্রথমেই ব্যান্ড দল ম্যাট্রিকাল ‘অসামাজিক’ শিরোনামের গান পরিবেশন করে। এরপর শিক্ষা সমাপন করা চিকিৎসকদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। তাঁদের পরিবেশিত নাচ, নাটিকা ও ফ্যাশন শো মুগ্ধ করে দর্শকদের। রাত একটায় মঞ্চে ওঠে ব্যান্ড দল শূন্য। এই ব্যান্ড দলের শিল্পীদের পরিবেশিত জনপ্রিয় সব গানের সঙ্গে গলা মেলান শিক্ষার্থীরাও। রাত তিনটা পর্যন্ত চলে শূন্যের পরিবেশনা। সবশেষে গান শোনাতে মঞ্চে আসে ব্যান্ড দল অরণ্য। এই ব্যান্ড দলের শিল্পীরা যখন গান শেষ করেন, তখন পুব আকাশে লাল আভা ছড়াচ্ছিল ভোরের সূর্য।

এই আয়োজন প্রসঙ্গে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুর রেজা বলেন, ‘মেডিকেলজীবনের শেষ দিনকে স্মরণীয় করে রাখতে মজা করছি সবাই মিলে। এমন দিন আর ফিরে পাব না আমরা।’