বিদায়বেলায় আনন্দ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ২০১০ সালের ৮ মার্চ। বিশ্ববিদ্যালয়ে নতুন একঝাঁক উচ্ছ্বল তরুণের আগমণ। তারপর দেখতে দেখতেই কেটে গেল চারটি বছর। সবাই এখন শেষ বর্ষের শিক্ষার্থী। আর মাত্র দু-তিন মাস পরই শেষ হয়ে যাবে শিক্ষাজীবন। তাই বিগত বছরগুলোর স্মৃতিচারণার সুযোগ হাতছাড়া করতে চান না কেউ। এমন ভাবনা থেকে গত রোববার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন আনন্দ আয়োজন—ক্লাসপার্টিতে।
ক্লাসপার্টির দিন সকালে বিভাগের সামনে সবার মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। মেয়েরাও পরেছিলেন একই রকমের পোশাক। বিভাগের শিক্ষকেরাও যোগ দেন শিক্ষার্থীদের স্মৃতির মেলায়। শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘মেকানিক্যাল’, ‘মেকানিক্যাল’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। গোল চত্বর হয়ে বিভাগের সামনে এসে শেষ হয় শোভাযাত্রা।
ক্লাসপার্টি বলে কথা, সে কারণেই সবাই যেন হুড়মুড় করে ঢোকেন শ্রেণীকক্ষে। কিন্তু কী আশ্চর্য! চিরচেনা কক্ষটিকে সেদিন বড় অচেনা লাগে। কারণ, এটি সাজানো হয়েছিল জমকালো বেশে।
এরপর শিক্ষক-শিক্ষার্থীদের আবেগঘন স্মৃতিচারণা চলে কয়েক ঘণ্টার জমজমাট অনুষ্ঠানে। ফাঁকে ফাঁকে চলে গেম শো, লটারি, স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শন ও প্রীতিভোজ। এ ছাড়া শিক্ষকদের হাতে শিক্ষার্থীরা তুলে দেন সম্মাননা স্মারক।
অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন যন্ত্রকৌশল বিভাগের ডিন বদিউস সালাম, বিভাগীয় প্রধান আবদুল ওয়াজেদ ও অধ্যাপক তাজুল ইসলাম।
স্মৃতিচারণার পর অনুষ্ঠিত হয় প্রীতিভোজ। ছিল কুইজ প্রতিযোগিতাও। মাঝে কবিতা আবৃত্তি করেন হিমেল বর্মণ। এরপর ছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী। ‘দেখা হবে বন্ধু’—সমবেত কণ্ঠে এই গানের মধ্য দিয়ে শেষ হয় আসরের।