বিদায়বেলায় রঙের উৎসব
রঙের মেলা চারদিকে। হলুদ, কমলা, লাল, নীল আর সবুজের ছড়াছড়ি। শিক্ষার্থীদের পোশাকে রং, রং কপালে, মনে-প্রাণে আর বিশ্ববিদ্যালয়ের আনাচেকানাচে। সব মিলিয়ে চারপাশে রঙের ফোয়ারা আর রঙিন মানুষজন।প্রকৌশল অনুষদের বিদায় উৎসব (র্যাগ ডে) ঘিরে গত ৩০ জুন এভাবেই রঙে রঙে বর্ণিল হয়ে উঠেছিল চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) প্রাঙ্গণ।বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের তড়িৎকৌশল, ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন এবং কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের বিদায় উৎসব উপলক্ষে গত শনিবার পাল্টে গিয়েছিল ক্যাম্পাসের চেহারা। আড্ডা, গান আর আনন্দ-উল্লাসে কেটেছিল একটি দিন।দুপুর ১২টায় বিদায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় শোভাযাত্রার মাধ্যমে। বর্ণিল এই শোভাযাত্রার উদ্বোধন করেন ইউএসটিসির প্রকৌশল অনুষদের ডিন আবদুস সামাদ। ঢাকঢোল ও বাঁশি বাজিয়ে নেচে-গেয়ে শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি ইউএসটিসির প্রকৌশল অনুষদ ক্যাম্পাস থেকে শুরু হয়ে প্রধান ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ছিল মধ্যাহ্নভোজ। এরপর বিদায়ী শিক্ষার্থীরা শুরু করেন রঙের উৎসব। বিদায়ের রং হাতে-গালে, পোশাকে মেখে একাকার হয়ে যান বিদায়ী শিক্ষার্থীরা। এরপর এক্সপ্লোর ব্যান্ডের গিটারের সুরমূর্ছনার মাধ্যমে শুরু হয় উৎসবের মূল আকর্ষণ সাংস্কৃতিক পর্ব। ‘পুরানো সেই দিনের কথা’, ‘দুর্গম গিরি’, ‘চাইতে পারো’সহ ১২টি গান গেয়ে ব্যান্ড দলের শিল্পীরা ক্যাম্পাস মাতান। এরপর ব্যান্ড দল ‘ড্রিউ ওয়ান’ তাদের পরিবেশনা শুরু করে ‘অচেনা শহর’ গানটির মধ্য দিয়ে। তারা একে একে গেয়ে শোনায় সাতটি গান। এরপর মঞ্চ মাতাতে আসে ব্যান্ড আর্তনাদ। নয়টি গান নিয়ে তাদের পরিবেশনা ছিল অনবদ্য। সবশেষে মঞ্চ আলো করে এল ব্যান্ড ‘লালন’। ‘জাত গেল জাত গেল’ গানটির মাধ্যমে তাদের পরিবেশনা শুরু হয়। মরমি গানের সুরমূর্ছনায় দর্শকদের ভাসিয়ে শিল্পীরা যখন পরিবেশনা শেষ করেন, তখন সবার মাঝেই বিদায়ের সুর। ঘড়ির কাঁটায় তখন রাত একটা।‘দেখতে দেখতে চারটি বছর কোনদিকে কেটে গেল, টেরই পেলাম না। আজ বিদায়বেলায় মনে পড়ছে অনেক স্মৃৃতি’ খানিকটা বিষণ্ন কণ্ঠে কথাগুলো বললেন তড়িৎকৌশল বিভাগের বিদায়ী ছাত্র ইলেকট্রন মিত্র। তবু নতুন জীবনের হাতছানির সামনে সেই বিষণ্নতা সবার মনে দীর্ঘস্থায়ী হলো না। মধ্যরাতে তাই হই-হুল্লোড় করতে করতে বিদায় নিলেন সবাই।