বিদায়ী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের সদ্য বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুসের বিরুদ্ধে ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওয়েবসাইট খোলার নামে তিনি ওই অর্থ আত্মসাৎ করেছেন। টাকা দেওয়ার দুই মাস পরও তিনি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নামে ওয়েবসাইট খোলেননি। ইতিমধ্যে তিনি মিরসরাই থেকে বোয়ালখালী উপজেলায় বদলি হয়ে গেছেন। অভিযোগ রয়েছে, মোহাম্মদ ইউনুছ বদলির আদেশ পাওয়ার পর নিয়মবহির্ভূতভাবে তিনটি বিদ্যালয়ে নিয়োগ কার্যক্রমে অংশ নেন। ওই সব নিয়োগ নিয়ে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি হবে বলে আশঙ্কা করছে বিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ। এ ছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার নিজস্ব তহবিল থেকে দেওয়া একটি কম্পিউটারও মোহাম্মদ ইউনুস নিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।জানা যায়, গত ২৭ মার্চ মোহাম্মদ ইউনুসকে বোয়ালখালী উপজেলায় বদলি করা হয়। কিন্তু তিনি বিষয়টি গোপন করে উপজেলার তিনটি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ কার্যক্রমে অংশ নেন। ৫ এপ্রিল তিনি চিনকি আস্তানা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, ৬ এপ্রিল দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চবিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক ও ১৩ এপ্রিল পূর্ব মায়ানী মাজেদা হক উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী গ্রন্থাগারিক নিয়োগ কার্যক্রমে অংশ নেন। এ ব্যাপারে চিনকি আস্তানা উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন ও মাজেদা হক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম জানান, মোহাম্মদ ইউনুছ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে বিদ্যালয়গুলোর নিয়োগ কার্যক্রমে অংশ নিয়েছেন এবং বদলির বিষয়টি গোপন রেখেছেন। এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা হোছনে আরা বলেন, ‘মিরসরাইয়ের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস ৪ এপ্রিল আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন। সুতরাং তিনি আর মিরসরাইয়ের কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারেন না।’ এদিকে জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, বামন সুন্দর এফ আর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল কবির, কমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মুহাম্মদ, সরকার হাট এন আর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ জানান, মোহাম্মদ ইউনুস ওয়েবসাইট খুলে দেওয়ার জন্য উপজেলার প্রতিটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নিয়েছেন। কিন্তু টাকা জমা নেওয়ার দুই মাস পরও কোনো বিদ্যালয়ের ওয়েবসাইট খোলা হয়নি। এ ব্যাপারে অভিযুক্ত মোহাম্মদ ইউনুস শিক্ষক নিয়োগ কার্যক্রমে অংশ নেওয়ার কথা স্বীকার করে বলেন, নতুন শিক্ষা কর্মকর্তা না থাকায় তিনি ছিলেন। তার পরও কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয়, সে জন্য বর্তমান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তিনি বিষয়টি অবহিত করবেন। শিল্পমন্ত্রীর দেওয়া কম্পিউটার মিরসরাই মাধ্যমিক শিক্ষা অফিসে রয়েছে বলে তিনি দাবি করেন। ওয়েবসাইট খোলার জন্য ১১টি প্রতিষ্ঠান থেকে টাকা নেওয়ার কথা তিনি স্বীকার করেন। ওই প্রতিষ্ঠানগুলো চাইলে টাকা ফেরত দেওয়া হবে বলেও তিনি জানান।