মে মাসের শেষ দিনটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ সেজেছিল নতুন এক মায়াবি স্বপ্নে। এদিন সূর্যের ঝলমল রোদ আর ক্যাম্পাসের কৃষ্ণচূড়া ফুলকে সঙ্গী করে একঝাঁক শিক্ষার্থী মেতে উঠলেন নৃত্যের তালে তালে ব্যান্ডের অপূর্ব সুরে। প্রত্যেকের গায়ে কালো টি-শার্ট, হাতে নানা রকম প্ল্যাকার্ড, মুখে মুখোশ। তাঁরা বাতাসে ভুভুজেলার সুর তুলে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করলেন। তাঁরা মার্কেটিং বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। তাঁদের এই দিনটি ছিল মহা-আনন্দের শিক্ষা সমাপনী দিন। শিক্ষার্থীদের শোভাযাত্রার পর শুরু হয় আলোচনা সভা। শিক্ষকেরা এ সময় মনে করিয়ে দিলেন আগামী দিনের সম্ভাবনার কথা, আশার কথা, বিশ্বাসের কথা। শিক্ষকদের আলোচনার পর শুরু হয় অনুষ্ঠানসূচির মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। এত দিন যাঁরা সবটুকু সময় পড়ালেখায় দিয়েছেন, অন্য কোনো অনুষ্ঠানে তেমন দেখা যায়নি যাঁদের, তাঁরাও আজ সব ভুলে নিজেদের উপস্থাপন করলেন নতুন রূপে। কেউ কবিতা আবৃত্তি, কেউ গান, কেউ নাচ, কেউ পুঁতি পাঠ, কেউ কৌতুক আবার কেউ একক অভিনয়সহ নানান বিষয়ে পারদর্শিতা দেখালেন।দেখতে দেখতে মধ্যাহ্নভোজের সময় হয়ে যায়। আজ যেন কিছুতেই সময়কে আটকানো যাচ্ছে না। মধ্যাহ্নভোজের পর শুরু হয় ব্যান্ড ক্লাসিক রেইথের মনমাতানো গান। দলটির পরিবেশনায় পুরো অডিটরিয়াম মুখরিত হয়ে ওঠে। বিভাগের শিক্ষার্থীরা গানের তালে তালে নাচতে দেরি করেন না একটুও। সব শিক্ষার্থীর মুখে হাসি ফুটে ওঠে অপার আনন্দে। আর এই আনন্দটুকু উপভোগের সৃষ্টিতে যাঁরা রাত-দিন বিরামহীন পরিশ্রম করেছেন, তাঁদের কথা কি ভুলে থাকা যায়? তাই সবার মুখে মুখে তাঁদের নামগুলো ঘুরে-ফিরে উচ্চারিত হতে থাকে— পারভেজ, রবিন্স, আফজাল...। সন্দেহ নেই, তাঁরা প্রত্যেকেই নিজের মেধা, বুদ্ধি, সাংগঠনিক ক্ষমতা আর অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সার্থক করেছেন।বিকেল গড়িয়ে যায়, তবু কারও বাড়ি ফেরার নামটি পর্যন্ত নেই! সবাই তখনো ব্যস্ত চারটি বছর একসঙ্গে পথচলার নানান স্মৃতিচারণায়। কেউই ভুলতে চান না তাঁদের প্রিয় ক্যাম্পাসটি, প্রিয় বন্ধু, প্রিয় সহপাঠীদের। সন্ধ্যা গড়িয়ে রাত আসে। আলো ছড়াতে শুরু করে সোডিয়াম বাতিগুলো। অনেকের মোবাইল ফোনটি বারবার বেজে ওঠে মা-বাবার ফোনকলে। বাড়ি ফিরে যেতে মা-বাবার তাড়া আসে ফোনে। তো, কী আর করা! একসময় সাঙ্গ হয় সব আয়োজন। যে যাঁর গন্তব্যের দিকে ধীরলয়ে পা বাড়ান। প্রত্যেকের মুখেই ছিল অদ্ভুত এক হাসি, যে হাসির শুধু একটাই অর্থ—আজকের দিনটিকে ভোলা সম্ভব নয় কিছুতেই।