বিদায়ের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত কালেই ধুন্ধুমার কাণ্ড লেগে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে। রাতুল, মনির, তুলি, সাজিদ, তুষার, মাহবুব, সুরমা, রাসেল—সব বন্ধুর ছোটাছুটি ও কর্মব্যস্ততা দেখেই বোঝা যাচ্ছে, ‘আজ কিছু হতে চলেছে...’কারও হাতে ফুল, কারও হাতে বেলুন, কারও হাতে রঙের ডিব্বা, কারও হাতে তুলি। সবাই ব্যস্ত নিজের বিভাগকে মনের মতো করে সাজাতে। বুঝতে অসুবিধা হয় না, ৬ নভেম্বর ২০১২ দিনটিকে স্মৃতির মণিকোঠায় বেঁধে রাখতেই ছিল এত আয়োজন তাঁদের। আর কেনই বা আয়োজন থাকবে না, বলুন? দিনটা যে এই বন্ধুদের শিক্ষা সমাপনী দিন—র‌্যাগ ডে!ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের চতুর্থ ব্যাচের এই বন্ধুদের শিক্ষা সমাপনী দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় সকাল ১০টায়। তার পরই যেন শুরু হয় মূল উন্মাদনা, যার নাম আনন্দ শোভাযাত্রা। ঘোড়ার গাড়িতে চড়ে, ব্যান্ড বাজিয়ে, নেচে-গেয়ে, একে অন্যকে রং মাখিয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে টিএসসিতে এসে থিতু হয় এই দল। কার্তিকের আকস্মিক বৃষ্টি তাঁদের আনন্দযাত্রায় খানিক বাধা দিতে চেষ্টা করলেও বন্ধুরা এই আনন্দকে ‘বৃষ্টিবিঘ্নিত আনন্দ’ বলতে নারাজ। কেননা, আনন্দের তখনো অনেক বাকি। বিকেলেই তো উৎসবটা জমবে। তখন বসবে নাচ-গানের আসর, বলছিলেন মনিরুজ্জামান।বিকেল মানে ঠিক চারটা নাগাদই টিএএসসি মিলনায়তনে শুরু হলো এই বিদায়ী ব্যাচের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা। চতুর্থ ব্যাচ ছাড়াও অগ্রজ ও অনুজ ব্যাচের শিক্ষার্থীরাও ছিলেন সেই সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রিত। রাত পর্যন্ত চলল একের পর এক নাচ, গান, নাটক, কৌতুক ও মূকাভিনয়। তারিফ ও কানিজের প্রাণবন্ত উপস্থাপনায় শেষ পর্যন্ত অনুষ্ঠান ছিল জমজমাট।কিন্তু ‘সুখের সময় স্বল্প’—কথাটা তো একবারে মিথ্যা নয়। তাই একসময় গোটাতেই হলো এই আনন্দ-উৎসবের পসরা। বিদায়বেলায় সবার মুখেই বিষাদের ছাপ স্পষ্ট। চার বছরের হাসি-কান্নার দোসরদের আর একসঙ্গে পাওয়া হবে না এভাবে। তাঁদের সমবেত আড্ডায় আর মুখর হবে না এমআইএস বিভাগের করিডোর। তবু থেমে থাকবে না কোনো কিছুই। জীবনের আহ্বানে এই বন্ধুরা সামনে এগিয়ে যাবেন পেছনে রেখে সব পিছুটান।তার মানে কি বন্ধুত্বের অবসান? মোটেও নয়। ‘দোস্ত, ফোন নম্বর তো আছেই। আর ফেসবুকেও নিয়মিত যোগাযোগ হবে।’ রাসেলকে উদ্দেশ করে বলা রাতুলের এই কথাই জানান দিচ্ছে, বন্ধুত্ব চির অমলিন।