বিদায়ের আনন্দে...
ঢোল-ডুগডুগির তালে তালে গান। নানা রঙের মুখোশ আর ফেস্টুনে রঙিন চারদিক। শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস-আনন্দে মুখর শোভাযাত্রা। চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) ফার্মেসি অনুষদের ১৮তম ব্যাচের বিদায় উৎসব শুরু হয় এভাবেই। দিনব্যাপী আয়োজনে গত ১২ নভেম্বর ক্যাম্পাসজুড়ে ছিল সাজ সাজ রব।শোভাযাত্রা শেষে শুরু হয় মূল অনুষ্ঠান। দুটি পর্বের অনুষ্ঠানে প্রথমে ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির উপ-উপাচার্য এ এইচ এম ইসহাক। ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. কিশোর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্য ডেইলি স্টার চট্টগ্রাম ব্যুরোর প্রধান রইসুল হক। দ্বিতীয় পর্বের শুরুতে ভালোবাসার সৌরভ ছড়িয়ে দিতে ‘যুগলবন্দী ভালোবাসা’ কবিতাটি আবৃত্তি করেন মিনহাজ ও পৌলমী। এরপর ‘হাওয়াতে হাওয়াতে’ এবং ‘প্রেমের দোলা’ এই দুটি গানের সঙ্গে রিমা, সাবরিনা, অভি ও পরাগের নাচ জমিয়ে তোলে আয়োজন। এরপর শুধু সুরের ভেলা আর নৃত্যের ঝংকারে যেন হারিয়ে যাওয়া। বাংলা, হিন্দি আর ইংরেজি গানের মিশ্রণে পরিবেশিত হয় নৃত্য। ছিল ব্যতিক্রমী নাটিকাও। লাইলি-মজনু আবার ফিরে এসেছে শিরোনামের এই নাটিকাটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। শিক্ষার্থীদের পরিবেশনা শেষে ছিল চট্টগ্রামের ব্যান্ড দল ফেরারি, রাইজিং ফোর্স ও বিপ্রতীপের পরিবেশনা। তারা একে একে পরিবেশন করে ২০টি গান।এদিকে বিদায় উৎসবের আনন্দের মধ্যে বিষাদেও ছেয়ে গেছে শিক্ষার্থীদের মন। প্রিয় ক্যাম্পাস আর সহপাঠীকে ছেড়ে যাওয়ার বেদনা তাঁদের ভারাক্রান্ত করে তোলে। বিদায়ী শিক্ষার্থী সাইদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়-জীবনের শেষ মুহূর্তগুলো আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আর এসব দিনের কথা ভেবে আমরা গড়ব ভবিষ্যৎ জীবন।