গল্প, আড্ডা, নাচ আর সুরের মূর্ছনা। ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ। আর দশটি দিনের মতো নয়। স্মৃতির মণিকোঠায় ঠাঁই নেওয়া একটি দিন। ১ জুন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের চতুর্থ ও পঞ্চম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবে আনন্দে মেতেছিল বিদায়ী শিক্ষার্থীরা।সারা বেলার এই আনন্দ আয়োজনটি বিভক্ত ছিল দুটি পর্বে। তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়। ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক অনিল কান্তি ধর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর টোটনচন্দ্র মল্লিক ও শিক্ষক কিংশুক ধর। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুদ্দিন।দ্বিতীয় পর্বে ছিল সুরের ভেলায় ভেসে যাওয়া। বিকেল তিনটায় শুরু হয় অনুষ্ঠানের সাংস্কৃতিকপর্ব। প্রথমে ছিল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনা। শুরুতেই পরিবেশিত হয় ‘বন্ধুত্ব কখনো শেষ হয় না শিরোনামে’ একটি নাটিকা। এরপর ‘না বলা ভালোবাসা’ গানটির সঙ্গে নাচ নিয়ে মঞ্চে আসেন জেসিকা আক্তার ও সৈয়দ পারভেজ। এরপর সৌরভ হোসেন কৌতুকে জমিয়ে তোলেন মঞ্চ। এবার সাংস্কৃতিক পর্বের দ্বিতীয় পর্যায়। মঞ্চে আসে ব্যান্ডদল স্কাই টাচ। তাঁরা শুরু করেন ‘মেলায় যাইরে’ গানটি দিয়ে। একে একে গেয়ে শোনায় দশটি গান। এরপর মঞ্চ মাতাতে আসে ব্যান্ডদল মানচিত্র। লালন ব্যান্ডের ‘পাগল’ গানটি দিয়ে শুরু করেন তাঁরা। শেষ করেন ‘পুরোনো সেই দিনের কথা’ গানটি গেয়ে। অবশেষে ভাঙে মিলনমেলা।