দিনটা ছিল শনিবার। ক্লাস-পরীক্ষার ক্যাম্পাসে আজ যেন অন্য সকাল। চারদিকে উৎসবের রং। প্রিয় ক্যাম্পাস ছেড়ে যাওয়ার দিনে বিদায়ের বিষাদ ছাপিয়ে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। বিদায়ের রং হাতে-গালে, কপালে, পোশাকে মেখে একাকার। ৪৭তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব (র্যাগ ডে) ঘিরে ১ সেপ্টেম্বর বর্ণিল হয়ে উঠেছিল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ। সাত অনুষদের বিদায় উৎসব চলে ১ ও ২ সেপ্টেম্বর। উৎসবের আনন্দে কেটেছে দুটো দিন।উৎসবের প্রথম দিন ছিল শোভাযাত্রা। ঢাক-ঢোল ও বাঁশি বাজিয়ে নেচে-গেয়ে শিক্ষার্থীরা অংশ নেন শোভাযাত্রায়। দূর থেকে এই শোভাযাত্রা দেখলে যে কারও মনে হতেই পারে লাল-নীল-কমলা-হলুদ-গোলাপির যেন স্রোত বয়ে যাচ্ছে। শোভাযাত্রা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।উৎসব প্রসঙ্গে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী মো. শওকত-উল ইসলাম জানান, প্রতিবছর শিক্ষার্থীদের এ আয়োজন থাকে। উৎসবে মেতে ক্যাম্পাসের বিদায় উৎসব উদ্যাপন করে। বিদায়ী শিক্ষার্থী ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নাসির উদ্দিন কুতুবী বলেন, ‘কোনদিকে শিক্ষাজীবন শেষ হয়ে গেল টের পেলাম না। এখন বিদায়বেলায় মনে পড়ছে ক্যামপাস-জীবনের অনেক স্মৃতি। তবুও অনুষ্ঠানের দুই দিন সবাই মিলে দারুণ মজা করলাম।’রোববার বেলা তিনটায় ‘একটিভ পেয়ার’ ব্যান্ডের গিটারের সুর-মূর্ছনায় শুরু হয় দ্বিতীয় দিনের আয়োজন সাংস্কৃতিক পর্ব। তাঁরা অর্থহীনের ‘চাইতে পার’ গানটির মধ্য দিয়ে শুরু করেন পরিবেশনা। একে একে গেয়ে শোনান ‘চুলটানা বিবিয়ানা,’ ‘পাখি’, ‘হই হই কাণ্ড’সহ আটটি গান। এরপর শিক্ষার্থীদের এই প্রাণের জোয়ারে ঢেউ তুলে ব্যান্ড ‘লালন’। ‘বসন্ত বাতাসে’ ও ‘বিপ্রতীপ’—দুটি গান করেই শেষ করে পরিবেশনা। অবশেষে বাজল বিদায়ের সুর। পেছনে পড়ে রইল প্রিয় ক্যাম্পাসের স্মৃতি।