
২ নভেম্বর দুপুর ১২টা। সকালের কুয়াশা সরে গিয়ে প্রকৃতিতে তখন ছড়িয়ে পড়ছে সোনালি রোদ। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের চন্দনাইশ বিদ্যানগর ক্যাম্পাস তখন মুখরিত শিক্ষার্থীদের পদচারণে। অন্যান্য দিনের তুলনায় দিনটি যেন কিছুটা আলাদা। সেদিন এখানে বসেছিল কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ের আসর। পাশাপাশি এদিন বরণ করে নেওয়া হয় এ বিভাগের নতুন সভাপতি অধ্যাপক সুদীপ্ত দেবকে।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় আনন্দ আয়োজনের। অনুষ্ঠানের মূল আয়োজন বিভক্ত ছিল দুটি পর্বে। শুরুতে ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন এবং বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক সুদীপ্ত দেব।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতেই সংগীত পরিবেশন করে ব্যান্ড দল প্রান্তর। ‘ওয়েটিং ফর ইউ’ শিরোনামের একটি ইংরেজি গানের মাধ্যমে শুরু হয় তাদের পরিবেশনা। তারা একে একে পরিবেশন করে ‘তুমি কোথায়’, ‘পাগলা হাওয়া’, ‘পাখি’, ‘অসামাজিক’ শিরোনামের গানগুলি।
এরপর ছিল কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। তানজিনা আসরিন পরিবেশন করেন ‘রাত কাটে নির্ঘুম’ শিরোনামের গানটি। এরপর আবার মঞ্চে আসে ব্যান্ড দল প্রান্তর। তারা একে একে পরিবেশন করে ‘বন্ধু তোমায় স্বাগতম’, ‘ইচ্ছে হলেই’, ‘স্বপ্ন ডানা’ শিরোনামের গানগুলি। সবশেষে ‘ও বন্ধু তোকে মিস করছি ভীষণ’ গানের মাধ্যমে তারা বিষাদের আবেশ ছড়িয়ে দেয় মিলনায়তনে। কিন্তু সেই বিষাদ ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে শিক্ষার্থীরা একরাশ স্বপ্ন বুকে ফিরে যান নিজ নিজ গন্তব্যে।