
বিদায়ের সুর, বরণের আনন্দ। অন্য রকম দিন। ক্লাসের তাড়া ভুলে নাচ, গান, আড্ডা ও কথামালায় মেতে থাকা। এমন আনন্দময় দিন কেটেছে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের।
দিনটি ছিল গত ১৩ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের বিভিন্ন ব্যাচের বিদায় ও বরণ উপলক্ষে প্রবর্তক মোড়ের ক্যাম্পাসে আয়োজন করা হয় অনুষ্ঠানমালা।
দুই ভাগে বিভক্ত অনুষ্ঠানে শুরুতে ছিল স্মৃতিচারআ ও আলোচনা সভা। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, উপাচার্য মোহাম্মদ সিকান্দার খান, রেজিস্ট্রার শাফায়েত চৌধুরী ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান রাফিয়া আক্তার। আলোচনা সভা শেষে প্রকৌশল বিভাগের ছয় কৃতী শিক্ষার্থী মো. লিখন সিকদার, ইরফান আজিজ, নাজনিন আক্তার, মো. মিজানুর রহমান, ইশরাত আমিন ও পূজা ভট্টাচার্যকে ক্রেস্ট প্রদান করা হয়।
আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। ‘মন মোর মেঘেরও সঙ্গী’ শিরোনামের গানের সঙ্গে এলিট দাশের নৃত্যের ছন্দে শুরু হয় এ পর্বের আয়োজন। এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, কৌতুক, নাটিকা ও গানের ছন্দে মাতিয়ে রাখেন মিলনায়তন। ছিল শিক্ষার্থীদের সমবেত কণ্ঠেরও গান। তাঁদের ‘বাংলাদেশ’ শিরোনামের গানের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।