বিদায়ের সুরে সংস্কৃতির মেলবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইমেনের তৃতীয় ব্যাচের সমাবর্তন উপলক্ষে আয়োজিত ‘সিনিয়রস ডে’ অনুষ্ঠানে ভিয়েতনািম শিক্ষার্থীদের পরিবেশনায় তাঁদের দেশীয় ঐতিহ্যবাহী নৃত্য l সৌরভ দাশ
এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইমেনের তৃতীয় ব্যাচের সমাবর্তন উপলক্ষে আয়োজিত ‘সিনিয়রস ডে’ অনুষ্ঠানে ভিয়েতনািম শিক্ষার্থীদের পরিবেশনায় তাঁদের দেশীয় ঐতিহ্যবাহী নৃত্য l সৌরভ দাশ

ভুটানের মেয়ে দোরজি ওম। মঞ্চে উঠে সুরেলা কণ্ঠে গেয়ে উঠলেন বাংলা লোকগীতি—‘তোমার ঘরে বসত করে কয় জনা’। চোখ বন্ধ করে আবেগ দিয়ে মিলনায়তনের কয়েক শ শ্রোতাকে মাতিয়ে যখন তিনি গানটি গাইছিলেন, তখন একবারের জন্যও মনে হয়নি মেয়েটি বাঙালি নন। একইভাবে ইয়াগেলের সঙ্গে বাংলাদেশের মেয়ে সুমাইয়া যখন শ্রীলঙ্কান গানের সঙ্গে নাচছিলেন, তাঁকেও মনে হলো তিনি যেন শ্রীলঙ্কারই একজন। এভাবে এশিয়ার নানা প্রান্তের িভন্ন সংস্কৃতির মেলবন্ধন রচিত হয়েছে এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইমেনের (এইউডব্লিউ) মিলনায়তনে।
দিনটি ছিল বিশ্ববিদ্যালয়টির তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের সমাবর্তনের আগের দিন। ২০ মে বুধবার। তাঁরা দিনটির নাম দিয়েছেন ‘সিনিয়রস ডে’। প্রতিবছর এই দিন পুরো ক্যাম্পাস নানা আয়োজনে মুখর করে রাখেন িশক্ষার্থীরা।
এইউডব্লিউর শিক্ষক কানাডার নাগরিক ক্রিশ্চিয়ান জিরার্ড বললেন, পাঁচটি বছর তারা এই ক্যাম্পাসে কাটিয়েছে। এই ক্যাম্পাসজীবনে বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে ওদের আদান–প্রদান হয়েছে নানা বিষয়। তারা যা ধারণ করেছে, তারই একটু নমুনা এখানে এই সিনিয়র ডের পরিবেশনায় দেখা যায়। শুধু নাচ-গান কিংবা আনন্দ–উল্লাস নয়, শিক্ষার্থীরা পড়ালেখার অংশ হিসেবে নানা প্রকল্পে কাজ করেছে—কেউ গবেষণা, কেউ ইন্টার্নশিপ, বিংবা সামার প্রজেক্টে কাজ করেছে। আবার অনেকে সৃজনশীল কাজ যেমন লেখালেখি, ছবি আঁকা, ফটোগ্রাফি, অভিনয়ের সঙ্গে যুক্ত। আজ তাদের সব কাজের নমুনা প্রদর্শনী হচ্ছে।
শিক্ষকের কথার প্রমাণ পাওয়া গেল ক্যাম্পাস ভবনের বিভিন্ন তলায় নানা প্রদর্শনী দেখে।
প্রথম তলায় দেখা গেল শিক্ষার্থীদের আঁকা ছবির প্রদর্শনী। সেখানে দেখা হলো রোখসানা হাফিসের সঙ্গে। জলরঙে আঁকা রোখসানার ছবি দেখে মনে হয় যেন কোনো পেশাদার শিল্পীর আঁকা। নিখুঁত সাপের ছবির সামনে দাঁড়িয়ে আলোকচিত্র বলেই ভ্রম হয়।

.
.

এমনিভাবে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের শিক্ষার্থীদের নানা প্রদর্শনী দেখতে দেখতে দিন কেটেছে অভিভাবকদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দিন শিক্ষার্থীদের সঙ্গে কাটানোর জন্য তাঁদের অভিভাবকদের নিমন্ত্রণ জানিয়েছে। আর তাই বিভিন্ন দেশ থেকে আসা নানা ভাষার মানুষের সমাগমে প্রতিদিন দেখা ক্যাম্পাসের চেহারায়ও আসে ভিন্ন রূপ। আগত অতিথিদের দিনের প্রথম ভাগ কাটে প্রদর্শনী দেখে এবং প্রদর্শিত বিষয়বস্তুর ওপর শিক্ষার্থীদের বক্তব্য শুনে।
দুপুরে বিদায়ী শিক্ষার্থীরা তঁাদের অভিভাকদের নিয়ে মধ্যাহ্ন ভোজ সারেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা তঁাদের দলীয় আয়োজন নাচ-গান পরিবেশন করেন। এসব পরিবেশনায় অংশ নেন নেপালের জ্যোতি, আংশু অধিকারী, কল্পনা, আফগানিস্তানের জাহারা, মাসুমা সোগরা, হাকিমা, রাবেয়া, পাকিস্তানের সাবেলা, মেহের, আলিয়া, রানা, ভিয়েতনামের ট্র্যাং, ট্রাম, থু, থয়, থিয়েন, শ্রীলঙ্কার ইয়াগেল, ওয়াসানা, বাংলাদেশের অনন্যা কায়সার, তাসনুভা আহমেদ, ফারিয়া ইসলাম, সাইরা আনিকা, ফাহিমা আহমেদ ও সারিনা বাসরি।
নেপালের আংশু আধিকারী বিশ্ববিদ্যালয়ে শেষ দিনটি সম্পর্কে বললেন, ‘এইউডব্লিউর শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি সম্পর্কে এই সিনিয়র ডে-র আয়োজন দেখে ধারণা করা যায়। লেখাপড়ার পাশপাশি বিভিন্ন কাজে তঁারা অসামান্য দক্ষতা অর্জন করতে পেরেছেন, যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাধারণত দেখা যায় না। আর এই দিনে এখানে আমাদের অভিভাবকদের সঙ্গে কাটাচ্ছি। সব মিলিয়ে চমৎকার অনুভূতি।’
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বছরে নিজের অভিজ্ঞতা সম্পর্কে আফগানিস্তানের মাসুমা মাকসুদি বলেন, ‘এই কয় বছরে অনেক পরিশ্রম করেছি, ঘুমহীন রাত কাটিয়েছি। মোকাবিলা করতে হয়েছে ছোট–বড় অনেক চ্যালেঞ্জ। সর্বোপরি সফলভাবে শিক্ষার ভেতর দিয়ে বেড়ে ওঠার দীক্ষা পেয়েছি। আমি খুব খুশি। এই বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ অভিজ্ঞতা অর্জন করেছি। সবচেয়ে বড় কথা এই বাংলাদেশ তথা চট্টগ্রামকে ভালোবেসে ফেলেছি।’
সিনিয়র ডে-র পরের দিন সমাবর্তন অনুষ্ঠানে তাঁদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এবার অনেকে যে যার মাতৃভূমিতে ফিরে যাবেন। হয়তো উচ্চতর শিক্ষার জন্য অথবা জীবিকার তাগিদে পাড়ি দেবেন অন্য কোনো দেশে, পৃথিবীর কোনো প্রান্তে। কিন্তু সমুদ্র আর পাহাড়ের শহর চট্টগ্রামের স্মৃতি যেন তাঁদের জীবনের অনুষঙ্গ হয়েই থেকে যাবে।