বিদেশ যেতে ব্যাংক ঋণ
বিদেশে যেতে চান? কাজ জানেন, কিন্তু টাকার অভাবে যেতে পারছেন না? চাকরির ব্যবস্থা করেছেন, কিন্তু টাকা নেই? বিদেশে যেতে পারছেন না? চিন্তার কারণ নেই। দেশের বাইরে কাজ নিয়ে যেতে চাইলে, আপনার খরচ বহনের অসুবিধা দূর করার জন্য ব্যাংক আপনাকে সহজ শর্তে ঋণ দেবে। বাংলাদেশের চারটি ব্যাংক এখন দেশের বাইরে চাকরি নিয়ে যাওয়ার জন্য ঋণ দিচ্ছে। ব্যাংকগুলো হচ্ছে উত্তরা ব্যাংক লি., মার্কেন্টাইল ব্যাংক লি., অগ্রণী ব্যাংক লি. এবং পূবালী ব্যাংক লি.। ব্যাংকগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন উত্তরা ব্যাংক ভবন, ৯০ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ফোন: ৯৫৫১১৬২ ওয়েবসাইট www.uttarabank-bd.com। মার্কেন্টাইল ব্যাংক লি., ৬১ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, ফোন ৯৫৫৯৩৩৩ ওয়েবসাইট www.mblbd.com। অগ্রণী ব্যাংক ভবন ৯ ডি দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০, ফোন: ৯৫৬৩৬৭৪ ওয়েবসাইট www.agranibank.com। পূবালী ব্যাংক ভবন, ২৬ দিলকুশা বাণিজ্যিক এলাকা ঢাকা ১০০০, ফোন ৯৫৬২১৬৬, ওয়েবসাইট www.pubalibangla.com।ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের যেকোনো জেলার নারী ও পুরুষ বিদেশে চাকরি নিশ্চিত করার পরে উপযুক্ত কাগজপত্র প্রমাণ সাপেক্ষে সহজ শর্তে এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। দুই লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত ব্যাংকগুলো ঋণ দিয়ে থাকে। ঋণের টাকা পেতে হলে, যিনি বিদেশে চাকরি নিয়ে যাবেন, তাঁর পরিবারের দুজন কর্মক্ষম ব্যক্তিকে গ্যারান্টার হতে হবে। যে দেশে যাবেন, সেই দেশের চাকরির নিয়োগসংক্রান্ত কাগজপত্র দেখাতে হবে। ভিসা দেখাতে হবে। এবং বাংলাদেশ জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর ছাড়পত্র দেখাতে হবে। এসব দেখাতে পারলেই ব্যাংক ঋণের টাকা দেবে। টাকা পরিশোধ করা যাবে নানাভাবেই। উত্তরা ব্যাংকের ঋণ শাখার কয়েকজন কর্মকর্তা জানালেন, প্রথমত, যিনি ঋণ নেবেন, তিনি সরাসরি ঋণ অ্যাকাউন্টে কিস্তির টাকা জমা দিয়ে দিতে পারেন। না হলে যাঁরা গ্যারান্টার হবেন অথবা তাঁর পরিবারের লোকজন তাঁর পক্ষ থেকে ঋণ পরিশোধ করবেন।জানা গেছে, সর্ব্বোচ্চ তিন বছরের জন্য এই ঋণের টাকা দেওয়া হয়। আবার কোনো ব্যাংক চাকরি যে কয়েক বছরের জন্য, তার চেয়ে ছয় মাস কম সময় বেঁধে দিয়ে ঋণের টাকা দিয়ে থাকে।উপরে উল্লিখিত চারটি ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন যে কেউই।